দ্রুত বিচার আইনের সময় বাড়ানো বিতর্ক
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংক্ষেপে দ্রুত বিচার আইন)-এর মেয়াদ আবারও দুই বছর বাড়ল। ৫ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে চতুর্থবারের মতো আইনটির মেয়াদ বাড়ানো হলো। এটির প্রাথমিক মেয়াদ ছিল ২০০৪ সাল পর্যন্ত। পরে দুই বছর করে সেটির মেয়াদ পর্যায়ক্রমে ২০০৬, ২০০৮ এবং ২০১০ সাল পর্যন্ত বাড়ানো হয়। এটির সর্বশেষ মেয়াদ ছিল ৯ এপ্রিল পর্যন্ত। এ আইনের অধীনে বর্তমানে এক হাজার ৭৪১টি মামলা বিচারাধীন ও ৮৫৭টি মামলা তদন্তাধীন রয়েছে। এটির মেয়াদ শেষ হয়ে গেলে মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ নিয়ে আইনগত জটিলতা সৃষ্টি হবে—এ যুক্তিতে আইনটির মেয়াদ বাড়ানো হয় বলে সরকার জানায়। দ্রুত বিচার আইনকে স্থায়ী আইনে পরিণত না করে বারবার এর মেয়াদ বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফৌজদারি আইন-বিশেষজ্ঞরা। সাক্ষাৎকার গ্রহণ ও অনুলিখন করেছেন আফতাব রাগিবস্থায়ী আইন করা হোক রফিকুল ইসলাম মিয়াপ্রচলিত বিচারিক ব্যবস্থায় যে দীর্ঘসূত্রতা, সে জন্য বিভিন্ন উপলক্ষ, পরিস্থিতি—এমনকি আমরা নিজেরাও দায়ী। আইনজীবীরা অকারণে সময় প্রার্থনা করছেন, সাক্ষীর হাজিরা, জবাব দিতে দেরি করছেন—ন্যায়বিচারের স্বার্থে আদালত সময় দিতে বাধ্য হচ্ছেন। এ রকম বিচারিক সংস্কৃতিতে ফৌজদারি কার্যক্রমকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দেওয়ার জন্যই মূলত দ্রুত বিচার আইন করা হয়। একটা মামলা বছরের পর বছর ধরে চলছে। এ বিচারপ্রার্থীর এ উদ্ধারহীন বিড়ম্বনা কমানোর জন্যই এ আইন প্রণীত হয়। কিন্তু এটা সত্য যে বরাবরই আইনটি জনস্বার্থের চেয়ে শাসকদের স্বার্থে ব্যবহূত হয়েছে। বিরোধী দলে থাকলে সমালোচনা করেছে। সরকারে গেলে তাকে নিজ স্বার্থে ব্যবহার করছে। তার মেয়াদ বাড়াচ্ছে। দুর্ভাগ্য আমাদের এটাই, এ দেশের রাজনৈতিক সংস্কৃতি, কোনো আইনই আসলে খারাপ নয়। ভালো-খারাপ নির্ভর করে কে কীভাবে সেটা ব্যবহার করছে। এটাকে স্থায়ী আইনে রূপান্তরিত করা যায় কি না, এ প্রশ্নের ক্ষেত্রে আইনগত কোনো বাধা না থাকলেও সরকার না চাইলে সেটা তো সম্ভব নয়। কোনো সরকারই আসলে দায়িত্ব নিতে চায় না বলে আমার ধারণা। বিতর্কিত হওয়ার ভয়ে অনেক উপযুক্ত ও জরুরি সিদ্ধান্তও সরকার অনেক সময় নিতে পারে না। বারবার মেয়াদ বাড়ানোর চেয়ে আইনকে স্থায়ী আইন করার প্রস্তাবের সঙ্গে আমি একমত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তিতে আইনগত জটিলতা নিরসনে দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে যে কোনো আইনের মেয়াদ নির্দিষ্ট থাকলে, ওই মেয়াদে যদি ওই আইনে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হয়; তবে ওই মামলা ওই আইনে স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে, যদি না ওই আইনে মেয়াদান্তে এরূপ মামলা অচল বলে ঘোষণা করা না হয়। দ্রুত বিচার আইনের কোথাও বলা হয়নি, ওই আইনের মেয়াদ শেষ বিচারাধীন মামলার কার্যকারিতা অচল। তাই মেয়াদ বাড়ানো না হলেও আমি মনে করি, সুপ্রিম কোর্টের নজির অনুসারে বিচারাধীন মামলাগুলো চলতে পারে। মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নইআবদুল বাসেত মজুমদার আমি বারবার এরূপ মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নই। ধরে নিচ্ছি, শুভ উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু তার তো কোনো প্রয়োজন নেই। স্বীকার করছি, দ্রুত বিচার পাওয়ার অধিকার জনগণের সাংবিধানিক অধিকার। সরকার চাইলে এ জন্য বিশেষ আইন করতেই পারে। বিদ্যমান এত বিচার আইনকে চাইলেই সরকার স্থায়ী আইনে রূপ দিতে পারে এবং এতে আইনগত কোনো বাধাও নেই। কিন্তু তার তো কোনো দরকার দেখছি না আমি। যে যে অপরাধের বিচারের জন্য দ্রুত বিচার আইন প্রণয়ন করা হয়েছিল, প্রচলিত আইনেও সেসবের বিচার সম্ভব। শুধু পদ্ধতি দ্রুত করলেই হয়ে যাবে। মূল আইন ঠিক রেখে বিদ্যমান দীর্ঘসূত্রতা ও জটিল বিচারিক পদ্ধতির ত্রুটিগুলো খুঁজে দ্রুত বিচার লাভের ব্যবস্থা করলেই দ্রুত বিচার আইনের উদ্দেশ্য সিদ্ধি হয়ে যাচ্ছে। তবে আমাদের নীতি-নির্ধারকদের উদ্দেশ্য বোঝা যায়। তাঁরা সরকারে থাকলে এককথা বলেন, বিরোধী দলে গেলে বলেন আরেক কথা। উদ্দেশ্য যা-ই থাক, আশা থাকবে, এ আইন বা তার মেয়াদ বৃদ্ধি যেন রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা না হয়। এ আইন যেন প্রতিপক্ষকে দ্রুত শাস্তিদানের অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয়। সেটা হলে জনগণের জন্য তা হবে খুবই নৈরাশ্যকর এবং তাতে সত্যিকার ন্যায়বিচার পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আইনগত জটিলতা সৃষ্টি হবেআনিসুল হকমামলার জট কমানো এবং জনগুরুত্বসম্পন্ন মামলাগুলোর দ্রুত বিচার সম্পন্ন করার জন্যই ২০০২ সালে এ আইনের উদ্ভব। যে প্রয়োজন ও পরিপ্রেক্ষিতে এ আইন প্রণীত হয়েছিল, সে প্রয়োজন ও পরিপ্রেক্ষিত এখনো বিরাজমান। তাই এ আইনের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। যত দিন প্রয়োজন থাকবে, তত দিন এ মেয়াদ বাড়তে থাকবে। সংবিধানে জনগণকে দ্রুত বিচার দানের কথা বলা হয়েছে। তাই শুধু বিচারাধীন মামলার নিষ্পত্তি সাধন নয়, যত দিন প্রয়োজন থাকবে, তত দিন আমি মনে করি, এ আইন থাকা উচিত। এই যেমন বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার। এ রকম জরুরি ও জনগুরুত্বসম্পন্ন বিচার সম্পন্ন করার প্রয়োজনীয়তা বিভিন্ন সময় হতে পারে। তাই এ আইনের প্রয়োজন সহজে ফুরানোর নয়। এ আইনকে স্থায়ী আইনে রূপ দেওয়া হলে আমি মনে করি, দেশে দুই ধরনের ফৌজদারি কার্যক্রম চালু হবে। তাতে প্রচুর আইনগত জটিলতা সৃষ্টি হবে। তা ছাড়া এটা একটা বিশেষ আইন। বিশেষ মুহূর্ত, বিশেষ প্রয়োজনকে সামাল দেওয়ার জন্যই এ আইন। তাই এ আইনকে আমি স্থায়ী আইন করার পক্ষপাতী নই, সরকার যেটা করেছে, আমার মতে, সেটা সঠিক একটা সিদ্ধান্ত।