দ্রুত বিচার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছরে শহীদ বুদ্ধিজীবী দিবসে চার শহীদ বুদ্ধিজীবীর চার সন্তান তাঁদের দাবি ও আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন প্রথম আলোর কাছেমুক্তিযুদ্ধকালে যাঁরা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের বিচার নিয়ে রাজনৈতিক বিভক্তি বাঞ্ছিত নয়। যুদ্ধাপরাধীদের বিচার একটি জাতীয় কর্তব্য। দ্রুত এই কর্তব্য সম্পন্ন করতে হবে।মুক্তিযুদ্ধে শহীদ চার বুদ্ধিজীবীর সন্তানেরা এই অভিমত ব্যক্ত করেছেন। স্বাধীনতার ৪০ বছর পূর্তির এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে প্রথম আলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা এ অভিমত দেন। একই সঙ্গে তাঁরা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে বিশদ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।একাত্তরের ১০ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে দেশের খ্যাতিমান ওই বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। জামায়াতে ইসলামীর ক্যাডারদের নিয়ে গঠিত আলবদর বাহিনী এসব হত্যাকাণ্ড ঘটায়। পাকিস্তানি জান্তার সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় ও জামায়াতের নেতারা মিলে এ নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রথম শিকার হন সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, একাত্তরের ১০ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর শেষ শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ। মুক্তিযুদ্ধে বিজয় আসন্ন বুঝতে পেরে স্বাধীন বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক শূন্যতা সৃষ্টির সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে ওই এক সপ্তাহে তারা বুদ্ধিজীবীদের হত্যা করে।শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর মেয়ে নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ফলে সংশ্লিষ্ট পরিবারগুলো যেমন মহাবিপাকে পড়ে, তেমনি জাতীয় ক্ষেত্রেও অপূরণীয় ক্ষতি হয়। এই হত্যাকাণ্ডসহ একাত্তরের সব যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার আরও আগেই হওয়া উচিত ছিল। তাঁর মা স্বামীর হত্যাকাণ্ডসহ সব যুদ্ধাপরাধের বিচারের জন্য আকুল হয়ে অপেক্ষা করেছেন। কিন্তু সেই বিচার-প্রক্রিয়া না দেখেই ১১ বছর আগে তিনি মারা যান। তিনি নিজেও সরকারি কলেজে শিক্ষকতার পেশা থেকে স্বাভাবিক অবসরে গেছেন। এখন তাঁর প্রত্যাশা, অনেক বিলম্বে হলেও এত দিনে যে বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি দ্রুত সম্পন্ন হোক। রাজনীতি যেন এ কাজে বাধা হয়ে না দাঁড়ায়।শহীদ বুদ্ধিজীবী নিজামউদ্দিন আহমেদের ছেলে শাফকাত নিজাম একজন পরিণত মানুষ। পেশাগতভাবে ব্যবসায়ী। প্রথম আলোকে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়া অবশ্যই একটা শুভ লক্ষণ। শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গ চায় নির্বিঘ্নে দ্রুত এ বিচার সম্পন্ন হোক।শাফকাত বলেন, পাশাপাশি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডেরও বিশদ অনুসন্ধান হওয়া দরকার। বুদ্ধিজীবী হত্যা তো যুদ্ধের ‘কো-লেটারাল’ হিসেবে ধরে নিলে চলে না। এটা জানা সমগ্র জাতির জন্যই দরকার যে, প্রকৃতপক্ষে কারা, কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। যে বুদ্ধিজীবীদের লাশ কিংবা কোনো খোঁজই পাওয়া যায়নি, তাঁদের ওরা কোথায় নিয়েছে। কী করেছে। এ জন্য দরকার হলে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গেও আলোচনা করা উচিত।শহীদ বুদ্ধিজীবী নাজমুল হকের ছেলে সৈয়দ মুর্তজা নাজমুল আগামী দুই বছরের মধ্যে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী মুর্তজা পিতার স্মৃতিচারণা করে বলেন, ৪০ বছর পার হয়ে গেছে। শুধু শহীদ বুদ্ধিজীবী পরিবারের আখ্যা ছাড়া কিছুই তাঁরা পাননি। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতেও তাঁদের ডাকা হয় না। গণমাধ্যমেও সব শহীদ বুদ্ধিজীবীর মৃত্যুবার্ষিকীর খবর পর্যন্ত প্রকাশিত হয় না। শুধু বছরের একটি দিন, ১৪ ডিসেম্বর সবাইকে একসঙ্গে স্মরণ করার আনুষ্ঠানিকতা হয়।মুর্তজা বলেন, তার পরও যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় সারা জাতির সঙ্গে তাঁরাও আনন্দিত। এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হোক—এটাই তাঁদের প্রত্যাশা।গৃহবধূ ঊর্মি মোস্তফা শহীদ বুদ্ধিজীবী আ ন ম গোলাম মোস্তফার মেয়ে। প্রথম আলোকে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে দেশে যে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি হয়েছে, তা একেবারেই অবাঞ্ছিত। মুক্তিযুদ্ধে যেমন সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রেও তেমনি হওয়া উচিত ছিল। তাঁর প্রত্যাশা—যুদ্ধাপরাধের বিচারে কোনো রাজনৈতিক দল যেমন সামান্যতম বাধাবিঘ্ন সৃষ্টি করবে না, তেমনি কোনো দল এই বিচারকে ক্ষমতায় থাকার জন্যও ব্যবহার করবে না। যুদ্ধাপরাধের বিচার একটি জাতীয় কর্তব্য। এই বিচার দ্রুত সম্পন্ন করে রাষ্ট্রকে সেই কর্তব্য পালন করতে হবে।