সাত মাস আগে পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ মামলার বাদী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে এই পুলিশ কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। পরে বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ ২১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।সাক্ষ্যে এসআই জালাল আহমেদ বলেন, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি ছিল। ওই দিন সকাল সোয়া নয়টার দিকে তিনি খবর পান, পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়ে একটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই সময় বিশ্বজিৎ নামের এক ব্যক্তি পেট্রল পাম্পের দিকে থাকেন। তখন অবরোধের বিপক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলকারীরা বিশ্বজিৎকে ধাওয়া করেন। তখন বিশ্বজিৎ দৌড়ে ইনটেনসিভ ডেন্টাল কেয়ারের দোতলায় ওঠেন। সেখানে তাঁকে মিছিলকারীরা চাপাতি ও রড দিয়ে এলোপাতাড়িভাবে মারতে থাকেন। আসামিরা বিশ্বজিৎকে মারতে মারতে নিচে নিয়ে আসেন এবং আবারও মারধর করেন। সাক্ষ্যে মামলার বাদী বলেন, ‘এরপর আসামিরা চলে গেলে জনৈক রিকশাচালক বিশ্বজিৎকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। থানায় এসে জানতে পারি, মিটফোর্ড হাসপাতালে বিশ্বজিৎ মারা গেছেন।’ ঘটনা শুনে পরে তিনি এ মামলা করেন। পরে তিনি বিভিন্ন গণমাধ্যমে এবং মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে পারেন, অভিযোগপত্রভুক্ত ২১ জন আসামি এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। কারাগারে আটক আটজন আসামি সাক্ষ্য গ্রহণের সময় আদালতে হাজির ছিলেন। তাঁরা হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। এ মামলায় ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ১৩ জন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।