দ্রুত বিচার নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ করা হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করতে আইনে বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতে সমন জারি, জবাব দাখিল ও সাক্ষ্য নেওয়ার সময় সুনির্দিষ্ট করা নেই। তাই মামলা পরিচালনার ধাপগুলোতে সময় নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে ছয় দিন বিরতির পর বিকেল সাড়ে চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার অ্যাটর্নি সার্ভিস গঠনের কথা ভাবছে।সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানই এ দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের আলোকেই সুপ্রিম কোর্ট কাজ করে যাচ্ছেন।সাংসদ ফরিদুন্নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনাজনিত কারণে আপরাধীদের দণ্ডের যে বিধান আছে, তা অপ্রতুল বলে মনে হয়। যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে বাংলাদেশ দণ্ডবিধি সংশোধন করে অপরাধীদের দণ্ড বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।সাংসদ বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কোথায় অবস্থান করছে, সে তথ্য সরকারের কাছে রয়েছে। দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার স্বার্থে এটি প্রকাশ করা ঠিক হবে না।