দ্রুত বিদ্যুৎ পেতে ছয় বিদেশি কোম্পানিকে ডাকা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সম্ভাব্য স্বল্পতম সময়ে উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় করার লক্ষ্যে ছয়টি বিদেশি কোম্পানির কাছ থেকে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেনার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ওই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে চাহিদা জানিয়ে প্রস্তাব চাওয়া হয়েছে। চলতি মাসেই আগ্রহী কোম্পানিগুলোর প্রতিনিধিরা ঢাকায় আসতে পারেন। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রে এই তথ্য জানা গেছে।সরকারি সূত্র জানায়, যে ছয়টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার মধ্যে তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের—জিই, এলস্থম ও এপিআর। দুটি যুক্তরাজ্যের—এম-পাওয়ার ও এগ্রিকো এবং একটি অস্ট্রেলিয়ার—এপেক। এর একেকটি কোম্পানি অতি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত ভাড়াভিত্তিক বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। প্রয়োজন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ কখনো কখনো তা নিয়েও থাকে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত জানুয়ারি মাসেই একটি কোম্পানি সরকারের কাছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছিল। প্রথম আলোয় সে খবর প্রকাশিতও হয়েছিল। কিন্তু সরকার তখন বিষয়টি গুরুত্ব দেয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, তখন মনে করা হয়েছিল, দেশীয় কোম্পানিগুলোর মাধ্যমেই প্রয়োজনমতো ভাড়াভিত্তিক বিদ্যুৎ পাওয়া যাবে।ওই ছয়টি কোম্পানির কাছে পাঠানো সরকারের আগ্রহপত্রে বলা হয়েছে, কোম্পানিকে অন্তত এক হাজার মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎ সরবরাহের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি সব প্রস্তুত থাকতে হবে। চুক্তি হওয়ার পরবর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে হবে। সরকার আপাতত নয় মাস থেকে এক বছরের জন্য বিদ্যুৎ কিনবে। এই বিষয়গুলো বিবেচনা করে যেন কোম্পানিগুলো তাদের প্রস্তাব দেয়।সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটি সরেজমিনে যন্ত্রপাতি দেখে চুক্তি করবে।সূত্র জানায়, বিনা দরপত্রে (আনসলিসিটেড) এই বিদ্যুৎ কেনার আইনগত, আর্থিক ও অন্যান্য দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কিংবা দরকার হলে কোনো বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কাছে সুপারিশ করার জন্য ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ এই কমিটির আহ্বায়ক। অন্য সদস্যরা হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব—যিনি এই কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।বিদেশি কোম্পানির কাছ থেকে জরুরি ভিত্তিতে বিনা দরপত্রে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেনার বিষয়টি চূড়ান্ত হয় গত ৮ তারিখ, বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। আগামী বছরের সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা মোকাবিলা এই উদ্যোগের লক্ষ্য। এ জন্য বিনা দরপত্রে বিদ্যুৎ কিনতে আইনকানুন পরিবর্তনের দরকার হলে মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার তা করবে বলেও প্রধানমন্ত্রী ওই দিনের সভায় জানিয়ে দেন। তার পরিপ্রেক্ষিতেই উদ্যোগটি এগোচ্ছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব গত মঙ্গলবার বলেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে।মেঘনাঘাটের প্রাকযোগ্যতা: পিডিবি মেঘনাঘাট-২ (৪৫০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগ্রহী কোম্পানিগুলোর প্রাকযোগ্যতা যাচাইয়ের জন্য উদ্যোগ নিয়েছিল, তাতে ১১টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল কোম্পানিগুলোর আবেদন করার শেষ দিন।পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির জানান, এখন মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে প্রাকযোগ্য কোম্পানি নির্ধারণ করবে। তারপর তাদের কাছ থেকে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব চাওয়া হবে।