দ্রুত সিদ্ধান্ত নিলে জাহাজ সরানো যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চালবাহী জাহাজ এমভি হ্যাং রো বং সম্পূর্ণ ডুবে গেছে। বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে জাহাজটি যেখানে ডুবেছে, সেখানে পানির গভীরতা ৩০-৩২ ফুট। এ কারণে ভাটার সময় জাহাজের কিছু অংশ দেখা যাচ্ছে। এ জাহাজ থেকে তেলদূষণ অব্যাহত রয়েছে। আগের দিনের তুলনায় গতকাল তা আরও বেড়ে গেছে। জাহাজটিতে সরকারের আমদানি করা প্রায় ৫০ কোটি টাকার চাল ছিল।বহির্নোঙরে জাহাজ পরিদর্শন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডক মাস্টার ক্যাপ্টেন মো. ফরিদুল আলম গতকাল বিকেল পাঁচটার দিকে বন্দর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, জাহাজের তিন ভাগের দুই ভাগই ডুবে গেছে। ১ নম্বর হ্যাজের ওপরের কিছু অংশ এবং ‘মাস্ট’ (জাহাজের ব্রিজ রুমের উপরিভাগ) দেখা যাচ্ছে। জাহাজ পরিচালনা ও উদ্ধারকাজে অভিজ্ঞ মার্চেন্ট মেরিন কর্মকর্তারা মনে করছেন, ‘যথাসময়ে উদ্ধার তৎপরতা শুরু করলে ১৩ হাজার ৪৯২ মেট্রিক টন চাল এবং জাহাজ—দুটিই রক্ষা করা যেত। জাহাজ থেকে জ্বালানি তেলও সাগরে ছড়িয়ে পড়ত না। কর্মকর্তারা বলেন, জাহাজটি দুর্ঘটনাকবলিত হওয়ার পর থেকে ডুবে যাওয়া পর্যন্ত ২৪ ঘণ্টার বেশি সময় হাতে ছিল। এ সময়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাহাজটি কাছের চরে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে দেরির কারণে চালসহ জাহাজটি বহির্নোঙরে ডুবে যায়।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় এজেন্ট নিজ থেকে জাহাজ পরিত্যক্ত ঘোষণা না করা পর্যন্ত আমরা সেই জাহাজে হাত দিতে পারি না। কারণ এর সঙ্গে জাহাজের কোটি কোটি টাকার কার্গো (পণ্য) এবং বিমার বিষয়টি জড়িত। এ কারণে জাহাজটি বহির্নোঙর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বন্দর দিতে পারেনি।’তবে জাহাজের স্থানীয় এজেন্ট ফরচুন শিপিং লিমিটেডের কর্মকর্তা সৌমেন চক্রবর্তী বলেন, ‘আমরা বন্দর কর্মকর্তাদের সঙ্গে বসে জাহাজটি সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু নানা ঝুঁকির কথা বিবেচনা করে বন্দর জাহাজ সরানোর সিদ্ধান্ত দিতে রাজি হয়নি।’জাহাজ উদ্ধারে দীর্ঘদিনের অভিজ্ঞ মার্চেন্ট মেরিনার ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, সিদ্ধান্ত হলে কয়েক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে টেনে আশপাশের চড়ায় নিয়ে আটকে দেওয়া সম্ভব ছিল। এতে জাহাজ ও পণ্য রক্ষা সম্ভব ছিল, তেলদূষণও ঠেকানো যেত।একই ধরনের কথা বলেন দুর্ঘটনাকবলিত জাহাজ উত্তোলনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান প্রান্তিক মেরিনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘গত জানুয়ারিতে আমরা এমভি সুইফট ক্রো নামের বড় একটি জাহাজ ভারতের বন্দর এলাকা থেকে টেনে নিয়ে এসেছি। এমভি হ্যাং রো বংকে বন্দরের টাগ বোট দিয়ে উদ্ধার করে আনা কঠিন ছিল না। এ জন্য কেবল সময়মতো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।’ এ প্রসঙ্গে তিনি বন্দর জেটিতে অগ্নিকাণ্ডকবলিত হয়ে সম্পূর্ণ ডুবে যাওয়া জাহাজ এমভি সাউদার্ন কুইনের কথা উল্লেখ করেন।গতকাল বিকেলে ভাটার সময় বহির্নোঙরের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডুবে যাওয়া জাহাজের ১ নম্বর হ্যাজ পানির ওপরে। এ ছাড়া জাহাজের মাস্ট দেখা যাচ্ছে। জোয়ারের সময় এসব হ্যাজ ডুবে যায়। ২ নম্বর হ্যাজে চাল পানিতে ভিজতে দেখা গেছে। জাহাজটির তিনটি হ্যাজ ডুবে আছে।পতেঙ্গার মোহনা থেকে বহির্নোঙরের দিকে দুই পাশে বর্জ্য তেল ছড়িয়ে-ছিটিয়ে ভাসছে। তেলের কিছু অংশ জোয়ারের সময় কর্ণফুলীতেও ঢুকে পড়ে। ছড়িয়ে পড়া এসব তেলের ওপর বন্দরের জাহাজ কাণ্ডারি-১০ এবং তেলবর্জ্য সংগ্রহকারী জাহাজ বে-ক্লিনার-২ থেকে অয়েল স্পিল ডিসপারসেন্ট নামের এক ধরনের রাসায়নিক ছিটিয়ে দেওয়া হচ্ছিল। কাণ্ডারি-১০ জাহাজের কর্মকর্তারা জানান, এসব রাসায়নিক বর্জ্য তেলের দূষণক্ষমতা নষ্ট করে দেয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে এক দফায় এবং গতকাল বিকেল থেকে আরেক দফায় বর্জ্য তেলের ওপর রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয়। এর পরও তেল ভাসতে দেখা যায়। আজ শনিবারও তেল ভাসতে দেখা গেলে এভাবে রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হবে বলে বন্দর কর্মকর্তারা জানান।