দ্রুততম সময়ে বিদ্যুৎ পেতে নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য দ্রুততম সময়ে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সরকার এবার বিদেশি বিশেষজ্ঞ কোম্পানির কাছ থেকে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর ফলে সর্বনিম্ন চার মাস থেকে সর্বোচ্চ নয় মাসের মধ্যে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করা হবে বড় বড় ‘লোড সেন্টারে’র (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা—যেখানে বিদ্যুতের চাহিদা খুব বেশি) কাছে।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, আগামী বছরের সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা মোকাবিলা এই উদ্যোগের লক্ষ্য। তবে প্রচলিত দরপত্র-প্রক্রিয়ায় এত কম সময়ে এই বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে না। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সরকারের আগ্রহের পরিপ্রেক্ষিতে (আনসলিসিটেড) চুক্তি করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সায় পাওয়া গেছে বলে জানা গেছে।সরকারি সূত্র জানায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেছেন, বিদ্যুৎ বিভাগের সব কাজ করতে হবে জরুরি ভিত্তিতে। বিদ্যুৎ উৎপাদন দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে হবে। এ জন্য আইনকানুন পরিবর্তন করা দরকার হলে মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার করে দেবে।দোকান-মালিকদের প্রতি অনুরোধ: প্রতিদিন সন্ধ্যা সাতটার পর জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার না করার জন্য সারা দেশের দোকান-মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। এ ব্যাপারে গতকালের সভার সিদ্ধান্ত উল্লেখ করে বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ বলেছেন, যেকোনো দোকান-মালিক চাইলে জেনারেটর বা নিজস্ব ব্যবস্থায় সন্ধ্যা সাতটার পরও দোকান খোলা রাখতে পারবেন। তবে সাতটার পর জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।লোডশেডিং এক ঘণ্টা: লোডশেডিংয়ের সময় নিয়ে আর কোনো বিভ্রান্তি নয়। লোডশেডিং আবার আগের সময়সূচিতে টানা এক ঘণ্টায় ফিরে যাচ্ছে। গতকালের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি অনুমোদন করেছেন। সভায় বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে টানা দুই ঘণ্টা করে লোডশেডিং দিয়ে দেখা গেছে, সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। তাই আগের পদ্ধতিতে ফিরে যাওয়া হচ্ছে। এখন থেকে দিন-রাত নির্বিশেষে টানা এক ঘণ্টা করেই লোডশেডিং হবে। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘এখন আমরা আবার নতুন শিডিউল করে এক ঘণ্টা লোডশেডিং শুরু করব।’সচিবের উপস্থাপনা: গতকালের সভায় বিদ্যুৎসচিব এই খাতের সার্বিক চিত্র উপস্থাপন করেন। তিনি বলেন, নতুন বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা করা হয়েছে, তার ৮০ শতাংশ বাস্তবায়ন-প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বাকিগুলোর কাজ বিলম্বিত হচ্ছে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার কারণে। তবে আগামী বছরও লোডশেডিং থাকবে। ২০১২ সাল থেকে লোডশেডিং কমবে। ২০১৩-১৪ সালে লোডশেডিংমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করার পদক্ষেপ নিতে বলেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তাঁর অধীন এই মন্ত্রণালয়ে প্রথম গিয়েছিলেন গত বছরের ১৫ জানুয়ারি। এরপর যান ২ এপ্রিল। গতকাল ওই মন্ত্রণালয়ে তৃতীয়বারের মতো যান তিনি।কিছু নির্দেশনা: সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালিয়ে যেতে হবে। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্পন্ন করতে কী পদ্ধতি অবলম্বন করা যায়, সে ব্যাপারে চিন্তা করা হবে। এর মধ্যে কাজ করতে গিয়ে কোথাও সমস্যা হলে তাঁকে জানাতে হবে। এ ছাড়া তিনি উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশনা দেন, যে কমিটি প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করার জন্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মধ্যে যোগসূত্রের কাজ করবে।গত বছরের ২ এপ্রিলের সভায়ও এসব বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু গত এক বছরে এ ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি।গতকালের সভায় প্রধানমন্ত্রী বলেন, নতুন যে বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর দরপত্র মূল্যায়নের জন্য তিনটি আলাদা কমিটি করতে হবে, যাতে মূল্যায়নে বিলম্ব না হয়। এর একটি কমিটি গ্যাস ও তেলভিত্তিক (ডুয়েল ফুয়েল) বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব, একটি শুধু তেলভিত্তিক এবং একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব মূল্যায়ন করবে।ক্যাপটিভ (নিজস্ব প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উৎপাদিত) বিদ্যুৎ উৎপাদনের নীতি সংশোধন করে ডিজেলচালিত কেন্দ্রগুলো থেকেও বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে হবে বলে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। তিনি বলেন, এলপিজির বোতল (কনটেইনার) আমদানির ওপর শুল্ক তুলে দেওয়া হবে, যাতে এই জ্বালানির সরবরাহ সহজ হতে পারে। জ্বালানির সমস্যা সমাধানে তিনি দ্রুত এলএনজি টার্মিনাল স্থাপনেরও পদক্ষেপ নিতে বলেন।কয়লানীতি প্রসঙ্গে সভায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ঘনবসতির কথা বিবেচনায় রাখতে হবে। এখানে উন্মুক্ত পদ্ধতির খনি করার ক্ষেত্রে যেমন সমস্যা আছে, তেমনি ভূগর্ভস্থ পদ্ধতির ক্ষেত্রেও সমস্যা আছে। এগুলো বিবেচনায় নিয়ে কয়লানীতি করতে হবে। একই সঙ্গে কয়লা তোলার ব্যাপারে সম্ভাব্যতাও যাচাই করতে হবে।সভায় বিদ্যুৎ বিভাগ ও এই খাতের সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর ১২টা থেকে প্রায় তিনটা পর্যন্ত এই সভা চলে।