দ্রুতযান এক্সপ্রেস আজ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুড়িয়ে দেওয়ার ১১ দিনের মাথায় দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস আজ শুক্রবার সকালে আবার চালু হচ্ছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানান।১১ অক্টোবর সিরাজগঞ্জে ছাত্রদল আয়োজিত গণজমায়েত চলার সময় ওই ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার পরপরই ক্ষুব্ধ জনতা ট্রেনটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।ডিআরএম জানান, ট্রেনের পুড়ে যাওয়া বগিগুলো মেরামত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এ অবস্থায় রেলওয়ের পূর্বাঞ্চল থেকে পাঁচটি বগি আনা হয়েছে। গত বুধবার বগিগুলো দিনাজপুর রেলস্টেশনে এসে পৌঁছায়। এ ছাড়া রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভিন্ন ওয়ার্কশপে মেরামতে থাকা ও চলাচলকারী বিভিন্ন ট্রেন থেকে বগি নিয়ে এবং আপৎকালের জন্য মজুদ থাকা বগি একত্র করে দ্রুতযান ট্রেনটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সৈয়দপুরে রেলওয়ে কারখানায় দ্রুতযানের পুড়ে যাওয়া ইঞ্জিনটির মেরামত চলছে। এ অবস্থায় পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে দ্রুতযানকে চালু করা হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।দিনাজপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে বর্তমান সময়ে হজযাত্রীদের কথা বিবেচনা করে দ্রুতযান ট্রেনটি চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দিনাজপুরের রেলস্টেশন মাস্টার মো. আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকাল আটটা ২০ মিনিটে নির্ধারিত সময়ে দ্রুতযান ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ জন্য ট্রেনটির ১৬টি স্টপেজে দুই দিন ধরে প্রচার চালানো হচ্ছে।