দ্রুতযান পুড়িয়ে দেওয়ায় দুর্ভোগে উত্তরের যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ঢাকা রুটে চলাচল করা দুটি ট্রেনের একটি ছিল ‘দ্রুতযান’। সম্প্রতি সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে দ্রুতযানের যাত্রা। এতে চরম দুর্ভোগে পড়েছে দিনাজপুর-ঢাকায় যাতায়াত করা ট্রেনের যাত্রীরা। এখন মাত্র একটি ট্রেন ‘একতা’য় গাদাগাদি করে দীর্ঘ পথ দাঁড়িয়ে দিনাজপুরসহ উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।জানা যায়, ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা ওই ট্রেনটিতে আগুন ধরিয়ে দেন। রেললাইনের ধারেই ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা।রেলওয়ের কর্মকর্তারা জানান, আগুনে দ্রুতযানের সব বগি পুড়ে গেছে। ট্রেনের বিদ্যুতের উৎস যে বগিতে (পাওয়ার কার), সেটাও সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ইঞ্জিনটির। ট্রেনের সব বগি বর্তমানে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের মেরামত কারখানায়। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ট্রেনটির সব বগি পুড়ে ছাই, চালু হওয়া অনিশ্চিত’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রাথমিকভাবে দ্রুতযান ট্রেনটি মেরামতে ২৩ কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে টাকা বরাদ্দ সাপেক্ষে ইঞ্জিনটি চালু করতে অন্তত তিন মাস লাগবে। প্রতিটি বগি ব্যবহারের উপযোগী করতে লাগবে তিন থেকে চার মাস।দিনাজপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, পৃথক দুটি র‌্যাক (১২ বা তার বেশি বগি সমন্বয়ে গঠিত একটি ট্রেন) দিয়ে দিনাজপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত চলছিল আন্তনগর দ্রুতযান ও একতা ট্রেন। এর মধ্যে দ্রুতযানের সাপ্তাহিক ছুটি ছিল বুধবার, একতার ছিল সোমবার। বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা ২০ মিনিটে দিনাজপুর থেকে ছেড়ে ঢাকায় যেত দ্রুতযান। ওই দিনই সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে ফিরে আসত দিনাজপুরে। অপরদিকে একতা দিনাজপুর ছেড়ে যেত রাত ১০টায়। পরদিন সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে আবার দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসত ট্রেনটি। দ্রুতযান পুড়িয়ে দেওয়ার পর থেকে বর্তমানে কেবল একতা ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার পথে চলছে।রেলওয়ের কর্মকর্তারা জানান, রেলওয়েতে ইঞ্জিন, বগির পাশাপাশি চালক (লোকো মাস্টার), পরিচালক (গার্ড), পাওয়ার কারের ব্যাপক সংকট রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার কারণে সংকট আরও বেড়ে গেছে। তাঁরা জানান, পশ্চিমাঞ্চলে নীলফামারী-খুলনা, ঢাকা ও রাজশাহী, দিনাজপুর-ঢাকা, লালমনিরহাট জেলায় যে কয়টি আন্তনগর ট্রেন চলাচল করে, এগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক দ্রুতযান ও একতা ট্রেন। ট্রেন দুটিতে যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছিল। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো এবং যাত্রীসেবার মান তুলনামূলকভাবে ভালো হওয়ায় ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে ট্রেন দুটি। এ অবস্থায় দ্রুতযান ট্রেনটি পুড়িয়ে দেওয়ায় বাংলাদেশ রেলওয়েসহ পুরো দিনাজপুরবাসীর ব্যাপক ক্ষতি হয়েছে।দুর্ভোগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র গৌতম কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘আমি আগে দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে সকালে দ্রুতযান ট্রেনে ওঠে দুপুর ১২টার দিকে যেতাম নাটোর। সেখান থেকে যেতাম বিশ্ববিদ্যালয়ে। দ্রুতযান ট্রেন বন্ধ হওয়ায় এখন অনেক পথ ভেঙে ভেঙে বাসে করে বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে।’ দিনাজপুর শহরের পাতুয়াপাড়া এলাকার রেজাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার তিনি ঢাকায় যান। দ্রুতযান না থাকায় বাধ্য হয়ে তাঁকে একতায় উঠতে হয়। সঙ্গে ছিলেন স্ত্রী। কিন্তু দুজনে মাত্র একটি আসন পান। পুরো রাস্তা তাঁদের দুজনকে একটু বসে একটু দাঁড়িয়ে দিনাজপুর আসতে হয়। তাঁদের মতো শতাধিক যাত্রী ট্রেনে দাঁড়িয়ে ছিলেন। প্রচণ্ড ভিড়ে তাঁর মুঠোফোন খোয়া যায়।দিনাজপুরের বিশিষ্ট রাজনীতিক আবুল কালাম আজাদ বলেন, দ্রুতযান ট্রেন বন্ধ হওয়ায় হজযাত্রীসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের রাজধানীসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে চলাচলের নিরাপদ যাত্রা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।দিনাজপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত কর্মচারীরা জানান, বর্তমানে একতা ট্রেনের ১৬টি স্টপেজের প্রতিটিতে নির্ধারিত আসনের অতিরিক্ত ১০০টি করে আসনছাড়া টিকিট দেওয়া হচ্ছে। স্টেশনমাস্টার মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রীদের প্রচণ্ড চাপের কারণে একতা ট্রেনের সঙ্গে অতিরিক্ত একটি চেয়ার এবং একটি শোভন কামরা জুড়ে দেওয়া হয়েছে। তারপরও কূল পাওয়া যাচ্ছে না।দ্রুতযান চালুর ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনটি কবে থেকে চলবে, তা বলা মুশকিল। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই যত দ্রুত সম্ভব ট্রেনটি চালুর চেষ্টা করছে।