দড়ি টেনে টেনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পারে দুটি খুঁটি। এই খুঁটি দুটির ওপর ভর করে এক পাড় থেকে আরেক পাড়ে দড়ি টানানো রয়েছে। দুটো নৌকা একসঙ্গে করে দড়ি ধরে পাড়ি দিতে হয় যাতায়াতকারী মানুষদের। ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হয় কয়েক শ শিক্ষার্থীর।রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার সীমান্ত এলাকা হলো এই ঘাঘট নদ, যার প্রস্থ মাত্র ১০০ গজ। এই নদের দুই দিকে সদর উপজেলার তামপাট ইউনিয়নের শেষ প্রান্ত এবং মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শেষ প্রান্ত। তামপাট ইউনিয়নের মীরগঞ্জ, দেউতি, রঘু, ঠাটারীপাড়া, মুদিখানা, হোসেনপুর ও তালুক এলাকায় কোনো কলেজ কিংবা ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।এসব এলাকার শিক্ষার্থীদের রংপুর শহরে যেতে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যোগাযোগব্যবস্থাও তেমন উন্নত নয়। এদিকে ঘাঘট নদ পার হলেই মাত্র দুই কিলোমিটারের মধ্যে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় যাওয়া যায়। সেখানে কলেজ রয়েছে, রয়েছে কয়েকটি বিদ্যালয়। শিক্ষার্থীরা প্রতিদিন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই নদ পাড়ি দিয়ে যাওয়া-আসা করেন।এই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু বছরের পর বছর চলে গেলেও এ দাবি বাস্তবায়ন হয়নি। ফলে, বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের। সেইসঙ্গে নানাবিধ সমস্যা তো রয়েছেই।নিয়মিত ঘাঘট নদ পারাপার হতে হয়, সরেজমিনে গিয়ে এমন কয়েকজন কলেজশিক্ষার্থীর সঙ্গে কথা হলো। তাঁদের মধ্যে সদর উপজেলার তামপাট ইউনিয়নের রঘু এলাকায় বাড়ি ও পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিরা আক্তার বলেন, এক উপজেলা থেকে আরেক উপজেলার একটি কলেজে যেতে মাত্র দুই কিলোমিটারের পথ। কিন্তু নৌকায় পারাপারে বেশ ঝুঁকি থেকে যায়। সদর উপজেলার আজিজুলল্লাহ গ্রামের একই কলেজের শিক্ষার্থী সারমিন আক্তার বলেন, বর্ষাকালে পারাপারে বেশ কষ্ট হয়। এ ছাড়া অন্য সময়েও যে খুব সহজে যাওয়া-আসা করা যায়, তা কিন্তু নয়। পায়রাবন্দ কলেজের শিক্ষার্থী তালুক গ্রামের শাকিলা আক্তার বলেন, এই স্থানে একটি সেতু হলে শিক্ষার্থীদের সুবিধা তো হতো, সেইসঙ্গে মানুষের ভোগান্তিও আর থাকত না।পায়রাবন্দের আবদুল কাদের বলেন, ‘আমার বেশিরভাগ আত্মীয়-স্বজনেরাই নদের ওপারে তামপাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস করে। প্রতিদিন যেতে হয় এই নৌকায় করে।’ আরও অনেক শিক্ষার্থী জানান তাঁদের দুর্ভোগের কথা।সদর উপজেলার তামপাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আলী বলেন, ‘গ্রামবাসীর দুর্ভোগ দেখে আমারও কষ্ট লাগে। এখানে একটি সেতু নির্মাণের জন্য বহুবার বিভিন্ন দপ্তরে হন্যে হয়ে ঘুরেছি। কিন্তু কোনো কাজ হয়নি। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, ‘মানুষের দুর্ভোগ দেখে উপজেলা প্রশাসনে অনেক আবেদন-নিবেদন করেছি।’সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামান্য এটুকু পথের জন্য কত না কষ্ট। এখানে একটি সেতুর জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’