দয়া করে পাকিস্তানে চলে যান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করে দয়া করে আপনি পাকিস্তানে চলে যান।’আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।সমুদ্র জয় উপলক্ষে আগামী ৩০ মার্চ ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। এই শোভাযাত্রা সফল করতেই যৌথসভার আয়োজন করা হয়। তিনি বলেন, যে দেশে প্রধান বিরোধী দল স্বাধীনতা-বিরোধী শক্তির কাছ থেকে নির্বাচনের জন্য টাকা নিতে পারে, সে দেশের মানুষের জন্য এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? যে দেশের সঙ্গে যুদ্ধ করে আমরা ৩০ লাখ ভাইকে হারিয়েছি, একটা দল তাদের কাছ থেকে টাকা আনে কীভাবে?’মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য বিএনপি-জামায়াত একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে। বিএনপি তাদের শাসনামলে ১৯৭১ সালের মতো দেশ পরিচালনা করেছে।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আজকে আমরা এশিয়া কাপ জয় করতে পারলে আরও একটা আনন্দ মিছিল করব। আজকে পাকিস্তানকে বধ করতে পারলেই আমরা সমুদ্রজয়ের মতো আরেকটা বিজয় ছিনিয়ে আনব।যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। বাসস।