দয়াগঞ্জে তল্লাশিকালে পুলিশের ওপর বোমা ছুড়ল জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দয়াগঞ্জ মোড়ে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর গতকাল শুক্রবার সন্ধ্যায় বোমা হামলা করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। এতে এক পুলিশ সদস্য, বোমা নিক্ষেপকারী এক জঙ্গিসহ চারজন আহত হন। পুলিশ আহত জঙ্গি সৈকতকে (২৫) আটক এবং কয়েকটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ওয়ারী বিভাগ) তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দয়াগঞ্জ মোড়ে তল্লাশিচৌকির সামনে পুলিশ একটি রিকশা থামায়। ওই রিকশার দুই আরোহীকে তল্লাশির জন্য পুলিশ এগিয়ে গেলে তাঁরা পুলিশের ওপর একটি গ্রেনেড (গ্রেনেডের আদলে তৈরি বোমা) নিক্ষেপ করেন। এতে পুলিশ সদস্য অলিউর রহমান, এক জঙ্গি ও দুই পথচারী আহত হন। পুলিশ আহত জঙ্গিকে আটক করলেও তাঁর সঙ্গের জঙ্গি পালিয়ে যান। রিকশায় জঙ্গিদের দুটি ব্যাগ পাওয়া যায়। একটি ব্যাগে ছয়-সাতটি তাজা বোমা ও অপরটিতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। পুলিশ সূত্র জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের বোমা অপসারণকারী দল বোমাগুলো উদ্ধার করে। আহত জঙ্গি সৈকতকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে, তিনি জেএমবির জঙ্গি।