দয়াবান চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক থেকে দুটি সুটকেস চুরি করে চোর। একটিতে ছিল দামি রত্ন আর গয়না। অন্যটিতে ট্রাক-মালিকের ছেলের দেহভস্ম। চোর ভাবল, দাঁও তো মারা হয়েছেই, দেহভস্ম রেখে ওই বেচারাকে বাড়তি কষ্ট দেওয়া কেন? দয়াপরবশ হয়ে ওই ভস্ম ডাকযোগে ঠিকানামতো পাঠিয়ে দিল সে।এমন দয়াবান চোরের সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমা শহরতলিতে। গত বুধবার স্থানীয় পুলিশ এই বিরল ঘটনার কথা জানায়। খবর রয়টার্সের।খবরে বলা হয়, টাকোমায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই ট্রাক। কাছেই এক মাঠে গিয়ে গলফ খেলছিলেন মালিক। এই ফাঁকে ট্রাকে হানা দিয়ে দুটি সুটকেস বগলদাবা করে চোর। একটি ছিল দুর্লভ রত্ন ও সোনা-রুপার গয়নায় ভরা। সবুজ রঙের আরেকটি সুটকেস ছিল।পরে সবুজ রঙের সুটকেসে অন্য জিনিস আবিষ্কার করে চোর। কোনো সূত্রে চোর আবিষ্কার করে, ওই জিনিস ট্রাক-মালিকের ছেলের দেহভস্ম। এ জিনিস একজন বাবার কাছে কতটা অমূল্য, তা অনুভব করে চোর। তাই সে ওই দেহভস্ম বেনামে ডাকযোগে ঠিকানামতো পাঠিয়ে দেয়। উল্লেখ্য, চুরি করার সময় মালিকের কার্ডও বাগাতে পেরেছিল চোর। এই কার্ড থেকেই ঠিকানা পেয়ে যায় সে।পিয়ার্স কাউন্টি শেরিফের মুখপাত্র এড ট্রয়ার্স বলেন, মূল্যবান রত্নের মধ্যে ছিল ওয়াগন অঙ্গরাজ্য থেকে আহরিত তিন হাজার দুর্লভ পাথর, ৩০টির মতো সোনা ও রুপার আংটি এবং একটি মণিমুক্তা খচিত ব্রেসলেট। তাঁর মতে, দামি রত্ন আর গয়না চুরি করে অপরাধ করলেও চোরের মনে দয়া আছে। এটি ব্যতিক্রমী ঘটনা বলে মন্তব্য করেন তিনি।তবে চোর একজন ছিল, নাকি তার সঙ্গী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।