ধকল কাটানোর চেষ্টা রমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত মন্তব্যের গোপন ভিডিও ফাঁসের পর সমালোচকদের চাপে থাকা মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি ধকল কাটানোর চেষ্টা করছেন।গতকাল মঙ্গলবার ও গত সোমবার প্রকাশিত ওই ভিডিওতে ওবামার সমর্থকেরা কর দেন না মন্তব্য করে রমনি তাঁদের নিন্দা করেন। আরেকটি ভিডিওতে তিনি ফিলিস্তিনিদের সমালোচনা করে বলেছেন, তারা শান্তি চায় না। উদারপন্থী ‘মাদার জোনস’ সাময়িকী রমনির এসব বিতর্কিত মন্তব্যের ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে।এই ভিডিও প্রকাশের পর ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজ দলের সমর্থকেরাও রমনির সমালোচনায় মুখর।সমালোচকেরা বলছেন, ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন মন্তব্য করে হোয়াইট হাউসে যাওয়ার প্রত্যাশাকে কঠিন করে তুলেছেন রমনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রমনির সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যায়, গত মে মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা র্যাটনে ধনী সমর্থকদের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে রমনি বলেন, ‘প্রায় অর্ধেক মার্কিন নাগরিক কোনো আয়কর দেন না। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের স্বাস্থ্যসেবা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা সবই করবে সরকার। আর এঁরাই ওবামার সমর্থক। এঁদের নিয়ে চিন্তা করা আমার কাজ নয়।’মার্কিন ভোটারদের নিয়ে রমনির এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ওবামা। সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি একটি বিষয় শিখেছি, তা হলো—আমাকে পুরো দেশের প্রতিনিধিত্ব করতে হবে। আমার প্রত্যাশা, যদি প্রেসিডেন্ট হতে চাও, কেবল কিছু মানুষের জন্য নয়, তোমাকে সবার জন্য কাজ করতে হবে।’রমনির সমালোচকদের দলে রিপাবলিকান সমর্থকেরাও যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি রক্ষণশীল পত্রিকার সম্পাদক উইলিয়াম ক্রিস্টল বলেছেন, ‘রমনির এই মন্তব্য নির্বোধের মতো ও ঔদ্ধত্যপূর্ণ।’‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর উদার রক্ষণশীল ঘরানার কলাম লেখক ডেভিড ব্রুকস বলেন, এই মন্তব্যের পর মনে হচ্ছে, রমনি আমেরিকার সংস্কৃতিই বোঝেন না। বিশ্লেষকেরা বলছেন, বিতর্কিত মন্তব্যের গোপন ভিডিও ফাঁসের ঘটনা রমনির জনপ্রিয়তায় প্রভাব ফেলবে। জনমত জরিপে তিনি ইতিমধ্যেই ওবামার চেয়ে পিছিয়ে আছেন। ইসলামবিরোধী চলচ্চিত্রের জেরে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত নিহত ও বেশ কয়েকটি দেশে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় বেশ চাপে পড়েছিলেন ওবামা। কিন্তু রমনির বিতর্কিত মন্তব্যের ভিডিও ওবামাকে সুবিধাই দেবে। তবে রক্ষণশীলদের কেউ কেউ রমনির অবস্থান সমর্থন করে বলেছেন, ওই মন্তব্যের জন্য তাঁর মোটেই ক্ষমা চাওয়া উচিত নয়।রমনির উপদেষ্টা কেভিন মাডেন মনে করেন, ভিডিওর বিষয়টি তাঁদের প্রচারে প্রভাব ফেলবে না। এ নির্বাচনে আসল বিষয় হচ্ছে অর্থনীতি ও দেশ পরিচালনা। যেসব ভোটার এখনো তাঁদের মন স্থির করতে পারিননি, তাঁরা এখন এটাই পর্যালোচনা করছেন।এদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সর্বশেষ জনমত জরিপে কিছুটা উন্নতি করেছেন রমনি। গত সোমবার প্রকাশিত জরিপের ফলাফলে ওবামার প্রতি ভোটারদের সমর্থন ছিল ৪৮ শতাংশ ও রমনির ক্ষেত্রে তা ৪৩ শতাংশ।কিন্তু গতকাল মঙ্গলবার প্রকাশিত জরিপ সংস্থা ইপসস ও রয়টার্সের জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, এ ব্যবধান ১ শতাংশ কমিয়েছেন রমনি। এদিন ওবামার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ ও রমনির ৪৩ শতাংশ।