ধন ও ধান্য: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ
শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা ধানের দেশ। ধারণা করা হয়ে থাকে, এ দেশের প্রাচীন বিস্তীর্ণ জলাভূমি আর সমতল ভূমিতে বুনোঘাস থেকে ধানের উদ্ভব হয়েছিল। এই প্রাচীন বিবর্তনের চিহ্ন আছে আমাদের হাওর এলাকার গভীর পানির ধান আর শত শত প্রাচীন ধান—যেমন, জাগলী বুরো, বাউ রস, কাছালত এগুলোর মধ্যে। আউশ জাত যে সম্পূর্ণ একটা আলাদা ধান, তা আজ স্বীকৃত।আমাদের অতিপ্রাচীন জীবনধারা ধানের, চালের সঙ্গে সম্পৃক্ত। বৃহত্তর সিলেট এলাকায় শীতকালে বাঁশের ভেতর ভাত রাঁধা হয়, এই পদ্ধতিতে তৈরি হয় চোঙাপিঠা। এই রান্নায় ব্যবহার করা হয় বিরইন ধান, যার চাল হয় আঠালো। এই বিরইন ধান অতি প্রাচীন ধান; সম্ভবত সাধারণ রান্না আবিষ্কার হওয়ার আগে যখন প্রাচীন মানুষ বাঁশের ভেতর চাল রান্না করত, সেই যুগের। Wxy জিনের মিউটেশনে এটি তৈরি হয়েছিল; কিন্তু মজার কথা হলো, পৃথিবীর বেশির ভাগ আঠালো বা বিরইন ধানে এই মিউটেশন রয়েছে। ধানের বিবর্তনের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। আমি আমার নিজের গ্রাম কানিহাটি থেকে এই ধান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা সিরাজের গবেষণাগারে পৌঁছে দিয়েছি, এটা নিয়ে আরও গবেষণার জন্য। এই প্রকল্পে সম্মিলন ঘটেছে আমাদের প্রাচীন লোক-ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞানের।আমাদের রয়েছে হাজার হাজার জাতের ধান; এই ভূমির জন্মসূত্রে পাওয়া উত্তরাধিকার। কিন্তু আধুনিক কৃষিতে এই হাজার জাতের ধানকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়? সেই জমি আমাদের কোথায়? ব্যাপারটি নিয়ে আমাদের ভাবতে হবে, যেন কিছুটা হলেও প্রতিটি গ্রামে এই ধানের জীববৈচিত্র্য টিকিয়ে রাখা যায়। প্রতিটি গ্রামে কি করা যায় না, সেই প্রাচীন জাতের ধানের অভয়ারণ্য ভূমি? স্কুল ও মাদ্রাসার সামনের জমিতে লাগানো যায় গুটিকয়েক প্রাচীন ধান।ধুমাই, চিংড়ি, বাউরস, কাছালত ইত্যাদি ধান এখন সারা পৃথিবীর বিজ্ঞানের কাজে লাগছে। কিন্তু আমাদের দেশ থেকে এই ধানগুলো ফুরিয়ে যাচ্ছে; এই লুপ্ত হয়ে যাওয়া আমাদের বন্ধ করতে হবে।পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের প্রয়োজন আরও নতুন জাতের ধান। এই নতুন ধানের সৃষ্টির জন্য আমাদের দরকার প্রাচীন ধান। সংকর-প্রক্রিয়ার মাধ্যমে এই নতুন ধানের উদ্ভব সম্ভব। এগুলোকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। বন্যায় বেঁচে থাকতে পারে এমন ধানের প্রসঙ্গে আমরা কেন কথা বলি না।আমাদের হাওর এলাকায় শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল গভীর পানিধান, যা পানির উচ্চতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত, আজ সেই ধান কোথায়? আজ কেন বন্যা-নিরোধক ধানের জন্য আমাদের অন্য দেশের কাছে যেতে হয়? গভীর পানিধানের গবেষণা আমাদের ফিরিয়ে আনতে হবে।ঠিক তেমনি সমুদ্রের ধারের জলাভূমিতে লবণাক্ত পানিতে সৃষ্টি হচ্ছে নতুন ধান বিবর্তনের সাধারণ নিয়মে, কিন্তু সে ধান খুঁজে বের করে গবেষণার আয়োজন কোথায়?বীজ নিয়ে চলছে ক্রমাগত সংকট। আমি এমন এক কৃষিব্যবস্থা দেখতে চাই, যেখানে ক্রমেই বীজের প্রয়োজন কমে আসবে, এক ফসলের ধান কেটে দ্বিতীয় এমনকি তৃতীয় ফসল পাওয়া যাবে। এ পদ্ধতি অবলম্বন করা ভবিষ্যতে সম্ভব হবে, যদি আমরা এই গবেষণায় মনোযোগী হই। বিদেশে এ বিষয়ে আমি এবং আমার গবেষক দল পেয়েছি অনেক সাফল্য।এমন একসময় ছিল, যখন ধান উৎপাদিত হতো শেকড় থেকে, বীজ থেকে নয়। আমরা গবেষণার মাধ্যমে সেই পুরোনো ধানের জীবনধারা আবার খুঁজে বের করতে চাই।বিভিন্ন জাতের ধানের সংকর ঘটিয়ে তৈরি হয় হাইব্রিড। হাইব্রিড ভিগার বা হেটেরোসিস বা বাংলায় বললে সংকর-শক্তি, এটা প্রকৃতির দান, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কিন্তু এই কাজের জন্য গ্রামে-উপজেলায় মানুষ কোথায়?ধানের উৎপাদনের নিরিখে বর্তমান বিশ্বে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম। চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পরই আমাদের স্থান। কিন্তু এই তিন দেশ আয়তনে আমাদের থেকে অনেক বড়, পুরো দেশের আয়তনের সঙ্গে যদি ধানের উৎপাদনের তুলনা করা হয়, তাহলে আমাদের স্থান সবচেয়ে ওপরে। বাংলাদেশ ধানের দেশ। সারা দেশটাই যেন এক বিশাল ধানিজমি। আষাঢ়ের পর থেকে ঘন সবুজ শ্যামলিমায় ঢাকা, ধানের শ্যামলিমায় ঢাকা এই দেশ। কিন্তু লোকসংখ্যা যত বাড়ছে, তত কমে যাচ্ছে ধানিজমি। গৃহস্থালি গড়ে তুলছে মানুষ, ছোট ছোট শহর ক্রমেই গ্রামগুলোকে গিলে ফেলছে, এ অবস্থায় ভূমি আর কতদিন অন্নদান করতে পারবে আমাদের? এই ক্রান্তির সময়ে, যখন ক্রমেই কমছে ফসলের জমি; আমরা কার কাছে যাব ফসলের আশায়?বিজ্ঞান, গবেষণা, আমাদের গ্রামের পুনর্জীবন, এগুলোর কোনো বিকল্প নেই। বিজ্ঞানকে নিয়ে, আবহমান বাংলার জীবনধারার স্বপ্নকে নিয়ে আমাদের জেগে উঠতেই হবে, তবে যুগ যুগ ধরে আমাদের দেশ হবে ধন ও ধান্যে ভরা সোনালি স্বপ্নের দেশ।বাংলাদেশে যখনই ফিরে আসি, সেই প্রাচীন জীবনের চিহ্ন দেখতে পাই। এই দেশের মাটিতে ছড়িয়ে আছে সৃষ্টিশীলতা, কিন্তু আমরা সাম্প্রতিককালের মানুষ এই সৃষ্টিশীলতা হারিয়ে ফেলছি ক্রমাগত, জড়িয়ে পড়ছি কলহে-ঝগড়ায়। আমরা আমাদের সেই সোনালি অতীত ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই ধানের মানুষদের।