ধনী-গরিবের প্রেম এবং একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড
প্রেম করার ‘অপরাধে’ পিটিয়ে হত্যা! মেয়ে ধনী পরিবারের। ছেলে গরিব। প্রেমিকা বাড়িওয়ালার মেয়ে। প্রেমিক ভাড়াটে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের কাঁটাসুরের বাঁশবাড়ি এলাকায়।খুনের পর ছেলেটির পরিবারকে লাশ নিয়ে যাওয়ার জন্য খবরও পাঠানো হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। সকালে ছেলের পরিবার মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেছে। বিকেলে মেয়েটির বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী।নিহত ছেলেটির নাম মো. রাসেল (২৫)। মোহাম্মদপুরের একটি তৈরি পোশাক কারখানায় তিনি কাজ করতেন। বাবা সেলিম মিয়া ব্যাটারি-শ্রমিক।মেয়ের দাদা লাট মিয়ার পরিবার মোহাম্মদপুরের অন্যতম প্রভাবশালী। প্রচুর ভূ-সম্পত্তির মালিক। মোহাম্মদপুরে তাঁর নামে বস্তিই আছে কয়েকটি। তবে মেয়েটির বাবা বরকত কয়েক বছর আগে খুন হন সন্ত্রাসীদের হাতে। লাট মিয়াও বেঁচে নেই। মেয়ের চার চাচা। বুলু, লুলু, কামাল ও কালাম। এঁরাই রাসেলকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছেন দরিদ্র সেলিম মিয়া।স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর ধরে মেয়েটির সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক আছে বলে জানেন তাঁরা। এটি এলাকার আলোচিত বিষয়ও। এ নিয়ে মেয়ের চাচারা রাসেল ও রাসেলের বাবাকে একাধিকবার হুমকি-ধমকি দিয়েছেন প্রকাশ্যে। রাসেলের বাবাও বিভিন্ন সময় ছেলেকে শাসন করেছেন বলে শুনেছেন প্রতিবেশীরা।নিহত রাসেলের বাবা সেলিম মিয়া জানান, কাঁটাসুরের বাঁশবাড়ির ৩/খ নম্বর বাসায় প্রায় ৩০ বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকছেন তিনি। বাসার মালিক প্রয়াত লাট মিয়া, এখন তাঁর ছেলেরা। পাশেই লাট মিয়ার চারতলা বাসা। মেয়ের পরিবার সেখানে থাকে। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাসেলের। এ সম্পর্কের কারণে তিনি রাসেলকে মঙ্গলবার রাতে গালমন্দ করেন। ধমক খেয়ে রাসেল তাঁর বড় ভাই রুবেলের বটতলার বাসায় থাকতে চলে যান। ওই রাত সাড়ে তিনটায় লাট মিয়ার চার ছেলে লুলু, বুলু, কালাম ও কামাল তাঁর বাসায় গিয়ে রাসেলকে খোঁজাখুঁজি করেন। রাসেলকে না পেয়ে তাঁর ছোট ভাই রবিনকে (১৩) পেটান তাঁরা। একপর্যায়ে রবিনকে ধরে নিয়ে যান রুবেলের বাসা চিনিয়ে দেওয়ার জন্য। সে বাসা থেকেই তাঁরা রাসেলসহ রবিন, রুবেল ও রুবেলের স্ত্রীকে ধরে নিয়ে যান। মারধরের পর সকালে রাসেল ছাড়া অন্য তিনজনকে ছেড়ে দেন।সেলিম মিয়া জানান, বুধবার দিনভর তাঁরা লুলু, বুলুর কাছে ধরনা দিয়েও রাসেলের কোনো খোঁজ বের করতে পারেননি। রাসেলকে পাঠাচ্ছি, পাঠাব করে তাঁরা দিন পার করে দেন। রাত ১১টার দিকে লুলু (মেয়ের চাচা) রুবেলের মামা শাহ আলমকে বাসায় ডেকে নিয়ে বলেন, ‘তোর ভাগিনা মরে পড়ে রইছে হাসপাতালে, লাশ নিয়ে আয়।’ তারপর অনেক খোঁজাখুঁজি শেষে সকালে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন রুবেলের আরেক মামা রমজান।মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি রাসেলকে মৃত অবস্থায় মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁরা জানিয়েছিলেন, ওই তরুণ গণপিটুনিতে আহত হয়ে রাস্তায় পড়ে ছিল। পরে অজ্ঞাত হিসেবে রাসেলের লাশ মর্গে পাঠানো হয়। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহাবুব হোসেন প্রথম আলোকে বলেন, নিহত রাসেলের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।গতকাল দুপুরে লাট মিয়াদের বাসায় গিয়ে দেখা যায়, নিচতলার কলাপসিবল ফটকে তালা মারা। বাড়িতে কেউ নেই। ফলে এ বিষয়ে লাট মিয়ার পরিবারের কারও বক্তব্য জানা যায়নি। সন্ধ্যায় স্থানীয় লোকজন ইটপাটকেল ছুড়ে ওই বাড়ির জানালার কাচ ভাঙচুর করে। পরে বাসাটিতে পুলিশ মোতায়েন করা হয়।