ধনী-গরিবের বৈষম্য কমাতে আয় বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধনী-গরিবের বৈষম্য দূর করতে হলে আয় বাড়াতে হবে। সে জন্য শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের শুধু রপ্তানির কথা না ভেবে স্থানীয়ভাবে বাজার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ দেশকে একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘একদিকে বিশাল বিশাল বিলাসবহুল অট্টালিকায় জীবনযাপন, অঢেল অর্থ, অর্থ খরচ করারই তাদের জায়গা নেই। আর অপর দিকে বুভুক্ষু নর-নারীর হাহাকার। সমাজে এই যে বৈষম্য, এই বৈষম্য আমাদের দূর করতে হবে। মানুষের জীবনের ন্যূনতম যে চাহিদা তা পূরণে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এ জন্য দরকার ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি।’শেখ হাসিনা শিল্পায়নের জন্য বিদ্যুত্ ও জ্বালানির সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ‘এসব সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি খাত যাতে আরও বেশি সুযোগ পায় তার উদ্যোগও নেওয়া হয়েছে। উত্পাদন খরচের ওপর ভিত্তি করে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিবেশী দেশ থেকে বিদ্যুত্ ক্রয়ের ব্যাপারেও সরকার চিন্তা-ভাবনা করছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নির্দিষ্ট কিছু পণ্য বিদেশে রপ্তানি করে। অথচ সবচেয়ে কম খরচে পণ্য উত্পাদনের সুযোগ বাংলাদেশেরই রয়েছে।’ তিনি এ সুযোগ কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।