ধনী দেশের গরিব প্রেসিডেন্ট
ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহের মধ্যে শপথ নিতে যাচ্ছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। অনেকেরই হয়তো জানা নেই ফ্রান্সের সদ্য শেষ হওয়া নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ডাক নাম ছিল ‘প্রেসিডেন্ট ব্লিং ব্লিং’। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ওলাঁদের ডাক নাম তার একেবারেই উল্টো। নির্বাচনী প্রচারণায় ওলাঁদ নিজেকে পরিচিত করেছেন ‘মি. নরমাল’ হিসেবে। শুধু নামেই নয় কাজকর্মেও সত্যিই সাদাসিধে এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। নিকোলা সারকোজির চেয়ে ওলাঁদের ১২ লাখ ইউরো কম সম্পদ রয়েছে। ওলাঁদের সম্পদ বলতে রয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের রিভিয়েরা উপকূলের বাড়িটি। আজ শুক্রবার তিনি বলেছেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ লাখ ৭০ হাজার ইউরো। অন্যান্য সম্পদের মধ্যে ব্যাংকে আছে আট হাজার ২০০ ইউরো, তিন হাজার ৫৫০ ইউরোর জীবন বিমা এবং ১৫ হাজার ইউরোর আসবাবপত্র। এ সম্পদের পরিমাণ এতটাই কম যে ওলাঁদকে কর দিতে হয় না। কারণ, ফ্রান্সে কর দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ থাকতে হয় ওলাঁদের সম্পদ তার চেয়ে কম। এত কম সম্পদ থাকার পরেও ফ্রান্সের প্রেসিডেন্টদের জন্য বরাদ্দ করা বেতন থেকে ৩০ শতাংশ কম বেতন নেবেন ওলাঁদ। প্রতি মাসে ১৯ হাজার ইউরো কম বেতন নেবেন ওলাঁদ।ওলাঁদ এখন প্যারিসের একটি ভাড়া বাসায় থাকেন। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে তিনি চলে যাবেন এলিসি প্রাসাদে। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, একেবারেই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ফ্রাঁসোয়া ওঁলাদ। প্রতিদিন তিনি একটি স্কুটারে করে কাজে যান। নির্বাচনী প্রচারের সময়ও তিনি কোনো গাড়ি ব্যবহার করেননি।ওলাঁদের বাবা জর্জেস পেশায় একজন চিকিৎসক ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ এক লাখ ৭০ হাজার ইউরো।আগামী ১৫ মে ফ্রান্সের পরাজিত প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ওলাঁদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এরপরে সারকোজি ফিরে যাবেন তাঁর পুরোনো আইন পেশায়। ২০০৭ সালে সারকোজি যখন ক্ষমতা নেন তখন তাঁর সম্পদের পরিমাণ ছিল ২১ লাখ ইউরো। গত মার্চ মাসে দেওয়া সরকারি ঘোষণায় সারকোজির সম্পদের পরিমাণ ২৭ লাখ ইউরো বলে জানা যায়। এ সম্পদ ছাড়াও সারকোজির সংগ্রহে রয়েছে অটোগ্রাফ, ঘড়ি ও মূর্তি। এগুলোর পরিমাণ প্রায় এক লাখ ইউরো। এ ছাড়া স্ত্রী সংগীতশিল্পী ও সাবেক মডেল কার্লা ব্রুনির সঙ্গে তাঁর ৫৭ হাজার ইউরোর একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্টও ছিল। সে তুলনায় ওলাঁদের সম্পদের পরিমাণ একেবারেই নগণ্য।