ধনী পরিবারে ভিন্ন সমস্যা
ফারহার বয়স ১০ বছর, ওজন ১৩ কেজি। পুষ্টিবিদেরা বলছেন, এই বয়সের একটি মেয়ের ওজন হওয়ার কথা ৩০ কেজি। খোঁজ নিয়ে জানা গেছে, এই শিশুটি নিয়মিতভাবে ডায়রিয়া-আমাশয়ে ভুগছে।অন্য আরেক ধরনের সমস্যায় ভুগছে ২৬ বছরের যুবক আরমান। উচ্চতা অনুযায়ী তাঁর ওজন ৬০-৬৫ কেজির বেশি হওয়ার কথা নয়। কিন্তু তাঁর ওজন ১৩৫ কেজি। এই দুজনের সমস্যা দুই ধরনের। একটি বিষয়ে মিল রয়েছে, তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান।বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, অ্যান্ড্রোকাইন অ্যান্ড মেটাবলিক ডিজ-অর্ডারের (বারডেম) পুষ্টি বিভাগের প্রধান আখতারুন্নাহার প্রথম আলোকে বলেন, প্রতিদিন এ ধরনের শারীরিক সমস্যা নিয়ে অসংখ্য রোগী আসছে তাঁদের কাছে। এরা অপুষ্টিতে ভুগছে।বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভের (বিডিএইচএস ২০০৭) তথ্যমতে, ধনী পরিবারের ২৬ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষক গোলাম মাওলা বলেন, ‘দারিদ্র্যকে আমরা অপুষ্টির একমাত্র কারণ বলে মনে করি। কিন্তু দারিদ্র্যই যে অপুষ্টির একমাত্র নয়, তার প্রমাণ ধনী পরিবারের সন্তানদের অপুষ্টি-পরিস্থিতি। তাদের অনেকেরই ওজন খুব বেশি, কারও ওজন খুবই কম।’ পুষ্টিবিদেরা বলছেন, বেশির ভাগ ধনী পরিবারে মা ও শিশুর খাওয়াদাওয়ার বিষয়টি দেখা হয় না। ফলে শিশুটি সময়মতো পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পায় না। অনেক ধনী পরিবারে বিদেশি টিনজাত খাবার খাওয়ানোর রেওয়াজ বেশি। এসব খাদ্যের পুষ্টিমান নিয়ে প্রশ্ন আছে। এসব শিশুর অনেকের মধ্যে ডায়রিয়া-আমাশয়ের প্রাধান্য বেশি। এ ছাড়া অনেক ধনী পরিবারে শিশুদের মধ্যে মাছ খাওয়ার অভ্যাস নেই। এসব শিশু মাংস খাচ্ছে অতিরিক্ত, আছে অঢেল কোমল পানীয়। এরা অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খায়। সেই তুলনায় ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার খায় না। ফলে ১৩-১৪ বছর বয়সী শিশুদের মধ্যেও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগ দেখা যাচ্ছে। সমস্যা সমাধানে শিশুদের পারিবারিক খাবারে অভ্যস্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী। তিনি বলেন, ‘পুষ্টির চাহিদা পূরণে আমাদের যে যে খাবার খাওয়া প্রয়োজন, তা দুর্লভ নয়। আমাদের রোজকার খাদ্যতালিকায় প্রয়োজনমতো শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাবার, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ শাকসবজি, ফলমূল খেতে হবে।’ তিনি বলেন, টিনজাত খাবার দূরে থাকলে শিশু ও পরিবারের অন্য সদস্যরা ভালো থাকবে।