ধনীদেরও সীমার বাইরে চলে যাচ্ছে ক্যানসারের খরচ
বিশ্বে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যার যেমন বেড়েছে, তেমনি ক্যানসার রোগের চিকিত্সায় বাজারে এসেছে অনেক নতুন ওষুধ। ক্যানসারের চিকিত্সায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তি। আর এর সবই হচ্ছে মানুষের কল্যাণে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ওষুধ কেনার বা চিকিত্সায় প্রযুক্তির সাহায্য নেওয়ার মতো আর্থিক ক্ষমতা কতজন মানুষের আছে? আর এর প্রয়োজনই বা আছে কি না? এ প্রশ্ন তুলেছেন পশ্চিমা দেশগুলোর ক্যানসার বিশেষজ্ঞরা। কারণ এরই মধ্যে পশ্চিমা বিশ্বের ধনী দেশগুলোর নাগরিকদের সীমার বাইরে চলে যেতে শুরু করেছে ক্যানসারের চিকিত্সার খরচ। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বিপুল অর্থ খরচ করে ক্যানসারে আক্রান্ত রোগীর জীবন প্রলম্বিত করার প্রয়োজন আছে কি না—এ ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ল্যানসেট অনকোলোজি মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসারের চিকিত্সার সঙ্গে জড়িত ব্যক্তিদের এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে। যেনতেন কোনো প্রমাণ গ্রহণ করা ঠিক হবে না তাঁদের। বিপুল খরচের এই চিকিত্সায় সামান্য উপকার পাওয়ার মতো মূল্যবোধও তাঁদের মেনে নেওয়া ঠিক হবে না। সে জন্য নতুন এসব প্রযুক্তি ব্যবহারের খরচ যথাযথ হওয়া উচিত বলে মত প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে।এক হিসাবে দেখা গেছে, বর্তমানে বিশ্বে প্রতি বছর এক কোটি ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত হয়। ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা গিয়ে দাঁড়াবে দুই কোটি ৭০ লাখে। এখন প্রতি বছর ক্যানসারের চিকিত্সায় সারা বিশ্বে ব্যয় হয় ২৮ হাজার ৬০০ কোটি ডলার। এই বিপুল ব্যয় অর্থনীতির ওপর যেমন বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তেমনি উত্পাদনশীলতা কমিয়ে দিচ্ছে শতকরা ২৫ ভাগ।ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নীতিনির্ধারক, চিকিত্সক, রোগী ও স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের একসঙ্গে কাজ করতে হবে। স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান মাল্টিডিসিপ্ল্যানারি ক্যানসার কংগ্রেসে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্যানসারের চিকিত্সায় সামর্থ্যের প্রশ্নে আমরা এখন মাঝ রাস্তায় আছি, এখন আমাদের ঠিক করতে হবে কোন পথে আমরা যাব। আমরা কি বালুতে মুখ গুঁজে থাকব এবং আশা করব, সবকিছু আপনা-আপনি ঠিক হয়ে যাবে। নাকি অপ্রিয় বিতর্কের মাধ্যমে কঠিন সত্যকে মেনে নেব আমরা।’লন্ডনের ব্রিটেনস কিংস হেলথ পার্টনার ইন্টিগ্রেটেড ক্যানসার সেন্টারের রিচার্ড সুলিভানের নেতৃত্বে এক গবেষণায় ৩৭টি ধনী দেশের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। তাঁরা দেখেছেন ক্যানসারের খরচ বাড়ার পেছনে অনেক বিষয় দায়ী। এর মধ্যে আছে বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান দাবি ও ক্যানসারের অত্যন্ত দামি ওষুধ। স্টকহোমের সম্মেলনে এ তথ্যও বেরিয়ে এসেছে যে কিছু ওষুধ কোম্পানি এমন অত্যাধুনিক ওষুধ বের করছে যে একজন রোগীর এ ধরনের ওষুধ কিনতে ব্যয় হয়ে যাচ্ছে প্রায় ১০ হাজার ডলার। এদিকে ল্যানসেটের প্রতিবেদনে উদাহরণ দিয়ে বলা হয়েছে, প্রোস্টেট ক্যানসারের একধরনের চিকিত্সায় তিন ডোজের একটি কোর্স শেষ করতে ব্যয় হয় এক লাখ ডলারের বেশি। এতে ওই রোগীর আয়ুষ্কাল হয়তো কয়েক মাস বাড়ে। স্বাভাবিকভাবে প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, ‘এই বিপুল ব্যয় করে আসলে আমরা কী পাচ্ছি?’ইউরোপিয়ান ক্যানসার অর্গানাইজেশনের সভাপতি মিশেল বাউমান বলছেন, একসময় ক্যানসারের চিকিত্সায় ‘অনেক নতুন সম্ভাবনা’ ছিল। এ নিয়ে বিজ্ঞানী, চিকিত্সক ও রোগীরা উত্ফুল্ল ছিলেন। কিন্তু এখন অবশ্যই ভেবে দেখার সময় এসেছে, এই চিকিত্সার খরচ কত?