ধনীরাও চোর যে কারণে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু অখ্যাত বা কুখ্যাতরাই চোর হয়, তা নয়। নামী-দামি লোকদেরও আজকাল চোর হতে দেখা যায়। তাও আবার বড় ধরনের চুরি নয়। দোকানে বা শপিংমলে গিয়ে সাধারণত টুকিটাকি বা আকর্ষণীয় কোনো জিনিস তারা চুরি করে। এভাবে শখের বশে কিংবা মনের ভুলে বা অভ্যাসগত কারণে স্বচ্ছল লোকেরাও অনেক সময় চুরি করে বসেন। আর চুরি করতে গিয়ে অনেক সময় হাতেনাতে ধরাও পড়েন তাঁরা। হয়ে যান সংবাদের শিরোনাম। কিন্তু কেন সচ্ছল ব্যক্তিরা চুরি করেন—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু গবেষণা হয়েছে। এসব গবেষণায় পাওয়া গেছে, দোকান থেকে চুরির নেপথ্যের মজার মজার অনেক তথ্য।দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বহু সেলিব্রেটি ও বিখ্যাত ব্যক্তি। হলিউডের অভিনেত্রী উইনোনা রাইডার ২০০২ সালে একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য তিন হাজার ৯০০ পাউন্ড মূল্যের পোশাক চুরি করেছিলেন। অবশ্য ধরা পড়ার পর তিনি বলেছিলেন, চিকিত্সকের দেওয়া ব্যথানাশক ওষুধ খেয়ে বিভ্রান্ত হয়ে গিয়ে তিনি চুরি করেন। ২০১১ সালে হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান আড়াই হাজার মার্কিন ডলার মূল্যের একটি গয়না চুরির দায়ে অভিযুক্ত হন। মাত্র সাত মার্কিন ডলার মূল্যের লিপ গ্লস চুরির দায়ে স্থানীয় ওয়ালমার্টে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় হালে হলিউডের ক্রেজ অভিনেত্রী মেগান ফক্সের বিরুদ্ধে। ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড় স্টিভেন জেরার্ড কিশোর বয়সে কলম ও কাগজ চুরি করেন বলেও অভিযোগ আছে।

দোকানের খুচরা বিক্রিসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল রিটেইল থেফট ব্যারোমিটার অ্যান্ড চেকপয়েন্ট সিস্টেমস’-এর এক গবেষণায় দেখা গেছে, মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা ধনীদের দামি, মূল্যবান জিনিসপত্রের লোভ সামলাতে না পেরে অনেক সময় দোকান কর্মীর অগোচরে চুরি করে বসে। অনেক সময় এ রকম চোরেরা তাদের চুরির জন্য অর্থনৈতিক মন্দাকেও দায়ী করে।এভাবে দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েন যুক্তরাজ্যের ওয়ার্যাল থম্পসন। তিনি একটি হোটেলের প্রধান শেফ। তিনি একজন টেলিভিশন ও রেডিও অনুষ্ঠানের উপস্থাপক। দ্য ডেইলি এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘আমি জানি না, কেন আমি পেঁয়াজ, স্যান্ডউইচ, পনির কিংবা ওয়াইনের মতো জিনিস চুরি করে বসি।’যুক্তরাষ্ট্রভিত্তিক দোকানচুরি প্রতিরোধ-বিষয়ক একটি প্রতিষ্ঠান দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর শপলিফটিং প্রিভেনশনের কর্মকর্তা বারবারা স্টেইব বলেন, মানুষ কোনো কোনো সময় কিছু জিনিস থেকে বঞ্চিত হয় কিংবা মনে মনে তারা কোনো একটি জিনিসের অভাববোধ করে বা কোনো কিছু পেতে চায়—আর তখন সে দোকানে গিয়ে সুযোগ বুঝে ওই জিনিসটি চুরি করে বসে। তিনি বলেন, দোকানে যাঁরা চুরি করেন, সাধারণত তাঁরা মানুষ হিসেবে সত্ হন। কিছু গবেষণায় দেখা গেছে, মন খারাপ থাকলে বা বিষণ্নতায় ভুগলে মানুষ দোকানে গিয়ে চুরি করে। তাঁরা দোকানে চুরির মধ্যে নিজেদের সান্ত্বনা খুঁজে পান। অবশ্য কখনো ধরা পড়লে তাঁরা আবার অনুশোচনাও করেন।উইল কাপচিক নামের কানাডার একজন মনস্তত্ত্ববিদ বলেন, অনেকে মনে করেন, দোকানে গিয়ে চুরি করাটা তেমন কোনো ভয়ের ব্যাপার নয়। বরং শিহরিত হওয়ার মতো ঘটনা এটি। ধরা পড়ার পর তাঁদের আচরণ দেখে মনে হয় না, তাঁরা কোনো দোষ করেছেন। তিনি আরও বলেন, অনেক সময় কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকেও সচ্ছল মানুষ দোকান থেকে টুকিটাকি জিনিস চুরি করে বসেন। তিনি বলেন, ‘আমার পরিচিত বিখ্যাত একজন আইনজীবী একবার একটি টুথপেস্ট চুরি করেন। সে সময় একটি হাসপাতালে তাঁর ক্যানসারে আক্রান্ত ছেলেকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।’ কাপচিক বলেন, এ ধরনের সচ্ছল বা শিক্ষিত ব্যক্তি অনেক সময় মনের অজান্তেই দোকানে গিয়ে চুরি করেন। অনেকেই আছেন, যারা দোকান থেকে এসব জিনিস চুরি করে কোনো দাতব্য দোকানে তা দানও করেন।বারবারা স্টেইব বলেন, ‘যেসব পেশাজীবীরা দিনের পর দিন কোনো লোকসান, ক্ষতি বা হারানোবিষয়ক কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁরা অন্য পেশাজীবীদের চেয়ে বেশি চুরিতে অভ্যস্ত।’তবে যুক্তরাষ্ট্রে দোকান-চোরদের আবর্জনা ও নিকৃষ্ট বস্তুর মতোই মনে করা হয়। দেশটিতে নির্দিষ্ট কিছু কারণে মদ্যপায়ীকে ক্ষমা করা হয়। কিন্তু দোকানচুরি-বিষয়ক গবেষক ও মনস্তত্ত্ববিদেরা বলছেন, মদ্যপানের মতো দোকানচুরিও একধরনের আসক্তি। কাজেই দোকান-চোরদের জন্য চিকিত্সা প্রয়োজন। তাঁদেরও আসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত।অবশ্য কিছু চোর আছেন, তাঁরা তাঁদের কৃতকর্মের জন্য লজ্জিতও হন। এমন একজন নারী খুব আফসোস করে বলছিলেন, ‘ইশ, দোকান-চোর না হয়ে যদি আমি মদও পান করতাম, তাও ভালো হতো।’ বিবিসি অবলম্বনে।