ধন্য আমি এই মায়ের সন্তান হতে পেরে
আমার মা আজও আমার কাছে এক আদর্শ। আজ তিনি নেই, কিন্তু তাঁর স্মৃতি আজ জড়িয়ে আছে আমাদের গোটা পরিবারে। অনেক সংগ্রাম করেছেন মা। জেল খেটেছেন। আত্মগোপন করে কাটিয়েছেন জীবনের একটা বড় সময় এখানে-ওখানে। তবুও এতটুকু ভেঙে পড়েননি, বিচ্যুত হননি আদর্শ থেকে। অসীম সাহসের অধিকারী ছিলেন আমার মা। আমাদের সংসারে অভাব ছিল। কিন্তু সেই অভাবের কথা কোনো দিন বুঝতে দেননি মা আমাদের। বাবা রমেন মিত্র ছিলেন তত্কালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টির হোলটাইমার। মা-ও কমিউনিস্ট পার্টির কর্মী ইলা মিত্র। এর মধ্যেও সংসার সামলাতে হতো মাকে। একসময় মা টিউশনি করেও সংসার চালিয়েছেন। আমরা কখনো বুঝিনি সংসারের অভাবের কথা। ডালভাত খেয়ে মানুষ হয়েছি। মাও কোনো দিন নিজেকে বিলিয়ে দেননি ঐশ্বর্যের কাছে। সারাটা জীবন কাটিয়ে গেছেন একজন সাধারণ গৃহিণী হিসেবে। সত্যিই আজ ভাবতে অবাক লাগে, মা সেই ১৯৬২ থেকে ১৯৭৭ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য (এমএলএ) থাকলেও সংসারের কাজ করেছেন নিজের হাতেই। রান্না থেকে ঘর মোছা, ঘর পরিষ্কার, বাজার—সবই করেছেন মা। আবার আমাকেও সামলিয়েছেন। আজ সত্যিই আমার কাছে তা স্বপ্ন হয়ে জেগে আছে। সত্যি কথা কি, যখন বড় হয়ে জানলাম আমার মাকে, তখন আমার গর্বে বুক ভরে গিয়েছিল, এত বড় এক নারীর একমাত্র সন্তান আমি! এই জন্ম তো আমার সার্থক জন্ম। ধন্য আমি এই মায়ের সন্তান হতে পেরে। মা ছিলেন তেভাগা আন্দোলনের এক নেত্রী। কলকাতায় যখন তিনি বেথুন স্কুল ও কলেজের ছাত্রী, তখন তিনি ছিলেন এক চৌকস ক্রীড়াবিদ। একজন কৃতী ছাত্রী। এই মায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সেই বাংলাদেশের এক জমিদার পরিবারের সন্তান আমার বাবার। বাবা রমেন মিত্রের বাড়ি ছিল বাংলাদেশের রাজশাহীর নবাবগঞ্জে। আমার ঠাকুরদারা ছিলেন জমিদার। বিয়ের পর আমার মা কলকাতা থেকে যখন নবাবগঞ্জের সেই জমিদারবাড়িতে পা রেখেছিলেন, তখন বাবার বাড়ির কেউই বুঝতে পারেননি শহর থেকে আসা এই মেয়ে মানিয়ে নিতে পারবেন গ্রামের পরিবেশকে। সত্যিই মানিয়ে নিয়েছিলেন মা। শুধু তা-ই নয়, নিজেকে বিলিয়েও দিয়েছিলেন তেভাগা আন্দোলনে। আর এর পেছনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার ঠাকুরমা বিশ্বমায়া মিত্র। সত্যিকথা কি, আমি আমার মাকে প্রথম দেখেছিলাম আমার সাড়ে পাঁচ বছর বয়সের সময়। আমার বয়স যখন আট মাস, তখন রাজনৈতিক কারণে আত্মগোপন করতে হয়েছিল আমার মাকে। আর সেই শিশুকালটা আমাকে প্রতিপালন করেছিলেন আমার ঠাকুরমা। আমার মা যখন পুলিশের অত্যাচারের পর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিত্সাধীন, তখন আমার বয়স মাত্র সাড়ে পাঁচ বছর। ওই সময়ই এক দিন আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকায় মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার মায়ের কাছে। তখনই আমি প্রথম দেখি মাকে। ভালো করে সেদিন বুঝতেও পারিনি মায়ের অনুভূতিকে। এরপর মা আরও অসুস্থ হলে তাঁকে প্যারোলে নিয়ে সুচিকিত্সার জন্য নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তখন চিকিত্সকেরা বলেছিলেন, আমার মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। ছেলেকে শেষ দেখানোর জন্য আমাকে নিয়ে যাওয়া হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। সত্যি বলতে কি, সেদিনই আমি মাকে প্রথম অনুভব করেছিলাম। বুঝেছিলাম হাসপাতালের বিছানায় শোয়া শীর্ণকায় ওই দুই চোখ বুজে থাকা মহিলা আমার গর্ভধারিণী গর্বের মা। তখন আমার বয়স সাত বছর। আর সত্যি কথা কি, মেডিকেল কলেজের চিকিত্সক মো. আলমের নিরলস প্রচেষ্টায় বেঁচে গিয়েছিলেন আমার মা।সেই যে মাথায় বেশ কয়েটি মামলা নিয়ে আমার মা বাংলাদেশ থেকে কলকাতায় পা দিয়েছিলেন আর ফিরে যাননি। থেকে যান কলকাতায়। মনে পড়ে, আমার মাকে যাতে আর বাংলাদেশে গিয়ে তেভাগা আন্দোলনের মামলার সম্মুখীন হতে না হয়, তাই সেদিন তাঁরই পক্ষে দাঁড়িয়ে ভারতে থাকার ব্যবস্থা করেছিলেন তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় প্রমুখ। আজ আমার মা নেই। চলে গেছেন ২০০২ সালের অক্টোবর মাসে ৭৭ বছর বয়সে। কিন্তু তাঁর আদর্শ আর মহান ত্যাগের কথা ছড়িয়ে আছে আমার মনজুড়ে। সেই আদর্শ নিয়ে এখনো আমি বেঁচে আছি। স্বপ্নে আমার মা ইলা মিত্র। অনুলিখন অমর সাহা, কলকাতা প্রতিনিধি