ধরমপাশা উপজেলা ছাত্রদলে অভ্যন্তরীণ কোন্দলে সাংগঠনিক কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুদিন সম্মেলন না হওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। যাঁরা এত দিন সংগঠনটির অভিভাবক হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন, তাঁদের মধ্যে দুজন নেতা বর্তমান উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। এমতাবস্থায় সংগঠনটির হাল ধরতে যোগ্য নেতৃত্ব না থাকায় দেখা দিয়েছে নেতৃত্বের সংকট। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই উপজেলা ছাত্রদলের নেতারা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ায় কেউ কারও নেতৃত্ব মানতে নারাজ।দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০২ সালের ২২ নভেম্বর উপজেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে খাজা আমজাদ সভাপতি, সাইফুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক ও সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রদলের কার্যকর কমিটি গঠিত হয়। চারদলীয় জোট সরকারের আমলের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও দলীয় শীর্ষপর্যায়ের নেতা-কর্মীরা অভিযুক্ত হওয়ায় ২০০৭ সালের ৮ মার্চ সংবাদ সম্মেলন ডেকে উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দল থেকে পদত্যাগ করেন। বহুদিন দলীয় কার্যক্রম থেকে তাঁরা দুজন দূরে থাকলেও পরবর্তী সময়ে ২০০৯ সালের ১২ আগস্ট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পদত্যাগ করা উপজেলা ছাত্রদলের সভাপতিকে বিএনপির যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদককে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে ডা. রফিক চৌধুরী সভাপতি ও ইসতিয়াক হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কার্যকর কমিটি গঠন করা হয়।এর পর থেকেই ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রভাবশালী নেতা আবদুল মোতালিব খানের পক্ষে অবস্থান নেন। দলীয় কর্মসূচিও তাঁরা পৃথকভাবে পালন করে থাকেন।নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা-কর্মীরা জানান, পদত্যাগ করা নেতাদের নিয়ে ডা. রফিক চৌধুরী সম্মেলন করায় দলের একটি অংশ আবদুল মোতালেব খানের পক্ষে অবস্থান নেয়। এতে নেতৃত্ব দুই ভাগে বিভক্ত হওয়ায় দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডে তেমন কোনো সাড়া দিচ্ছেন না। তবে দুই পক্ষের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছেন ডা. রফিক চৌধুরীর সমর্থিত নেতা-কর্মীরা। এ সংগঠনটির দ্বন্দ্ব দিনে দিনে প্রকট হচ্ছে। এতে সংগঠনটি ভবিষ্যতে আরও ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন সমর্থকেরা জানান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা দুজন সে সময় পদত্যাগ করলেও জেলার নেতারা তা গ্রহণ করেননি। তাই স্বপদেই দুজন রয়ে গেছি। বর্তমানে ছাত্রদল ও বিএনপি—দুটোর দায়িত্বই পালন করছি। মাঝখানে একটু মান-অভিমান ও ক্ষোভ থাকায় দল থেকে সরে দাঁড়িয়েছিলাম। আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। এতে সংগঠনটির ক্ষতি হয়েছে।’ তবে খুব শিগগিরই ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি দাবি করেন। উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হামিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে সাংগঠনিক কার্যক্রম চালাতে কিছু সমস্যা হচ্ছে। তবে সংগঠনকে গতিশীল করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বলেন, নেতা-কর্মীদের ভেতর দ্বন্দ্ব থাকায় সংগঠনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পুনরায় সম্মেলন হওয়া খুবই জরুরি।উপজেলা ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল ফাহিম বলেন, উপজেলা বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতার মতানৈক্যের কারণে ছাত্রদলের কার্যক্রম দিনে দিনে ঝিমিয়ে পড়ছে। এতে স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় তিন মাস আগে কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ এসে কর্মীসভা ডেকে ১২টি উপজেলা, চারটি পৌরসভা ও আটটি কলেজের নেতাদের উপস্থিতিতে জেলার ছাত্রদলের সুপার ফাইভ (আহ্বায়ক কমিটি) গঠনের জন্য তাঁরা নেতা-কর্মীদের মতামত নিয়ে গেছেন। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। জেলা ছাত্রদলের সমস্যার সমাধান হলে উপজেলা পর্যায়ে ছোটখাটো এসব সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।