ধরমপাশা থানার নানা সমস্যা
সুনামগঞ্জের ধরমপাশা থানার চারদিকে কোনো বেষ্টনী না থাকায় গবাদিপশুর অবাধ বিচরণের ফলে এখানকার ভেতরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। থানার ভেতরের রাস্তা দিয়ে জনগণের সারাক্ষণ চলাফেরার ফলে নিরাপত্তাব্যবস্থা ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ১৮৬৮ সাল থেকে এ থানার কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ থানার অধীনে ছয়টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের জন্য ২০ জন পুলিশ, চারজন সহকারী উপপরিদর্শক (এএসআই), দুজন উপপরিদর্শক (এসআই), একজন পিএসআই (প্রশিক্ষণ) ও একজন পরিদর্শক (ওসি) কর্মরত রয়েছেন। শুকনো মৌসুমে সড়ক যোগাযোগের মোটামুটি ভালো ব্যবস্থা থাকা সত্ত্বেও চলাচলের জন্য থানায় কোনো পিকআপ গাড়ি না থাকায় পেট্রোল ডিউটি, মাঠ পর্যায়ে মামলার তদন্ত কার্যক্রম ও জরুরি কাজে দায়িত্ব পালন করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান খান নানা সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বেষ্টনী না থাকায় সারাক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে সময় কাটাতে হচ্ছে। থানার পূর্বাংশ নদীর তীরবর্তী হওয়ায় টেউয়ের কারণে মাটির ভাঙনে মারাত্মক ক্ষতি হচ্ছে। ভাঙন রোধে এখানে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ একান্ত জরুরি। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।