ধরমপাশা প্রতিনিধির ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার ঘটনায় আজ সোমবার মামলা হয়েছে। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সাতজনকে আসামি করা হয়েছে।ধরমপাশা থানায় অভিযোগ দেওয়ার পাঁচ দিন পরও পুলিশ বিষয়টি মামলা হিসেবে তালিকাভুক্ত না করায় আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সালেহ আহমদ মামলাটি করেন। আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।মামলায় ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, তাঁর দুই ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা ও মুরাদ মিয়া, খালাতো ভাই সাইফুল ইসলাম, যুবলীগের কর্মী তৈমুর ও পলাশকে আসামি করা হয়েছে।গত ২৬ মার্চ রাতে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই আওয়ামী লীগের নেতা আলমগীর কবীরের নেতৃত্বে হামলার শিকার হন সালেহ আহমদ। ওই রাতে তাঁকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন। ঘটনার পরদিন সালেহ আহমদ ধরমপাশা থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নামে গত পাঁচ দিনেও মামলা হিসেবে তা তালিকাভুক্ত করেনি।সালেহ আহমদ বলেন, ‘থানায় অভিযোগ দিয়ে পাঁচ দিন অপেক্ষা করেছি। পুলিশের সামনে হামলা হলেও তারা তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।’