ধরমপাশার ডাকঘরটির অবস্থা খুবই নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সংস্কার ও লোকবলের অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ডাকঘরটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে এটির কোনো সংস্কার না করায় বৃষ্টি হলে ভবনের ছাদ চুঁঁইয়ে পানি পড়ে। ফলে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার এ পরিস্থিতি দেখে গেলেও এখন পর্যন্ত বিষয়টির সুরাহার কোনো উদ্যোগ নেয়নি।উপজেলা ডাকঘর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এর অধীনে আরও দশটি শাখা ডাকঘর রয়েছে। এখানে দশটি পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন। দীর্ঘদিন ধরে একজন সহকারী পরিদর্শক, একজন অপারেটর ও দুইজন রানারের পদ শূন্য রয়েছে। তা ছাড়া ভবনের জানালার কাচগুলো ভেঙে যাওয়ায় পাটের বস্তা দিয়ে তা ঢেকে রাখা হয়েছে। আসবাবপত্রগুলো পুরোনো হয়ে জরাজীর্ণ হয়ে গেছে। ডাকঘরের মূল ভবনের ভেতরে বৈদ্যুতিক তার এলোমেলোভাবে ঝুলে রয়েছে। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ক্যাশবাক্সের কার্যক্রম চালাতে হচ্ছে একটি টিনের ট্রাংকে। কার্যালয়ে পাঁচটি বৈদ্যুতিক পাখা থাকলেও একটি ছাড়া বাকি সবকটি অচল। পোস্টমাস্টারের বাসভবনটি বসবাসের অনুপযোগী। এখানে কোনো কর্মকর্তা থাকেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে এভাবেই চলছে বছরের পর বছর। ২২ ডিসেম্বর ময়মনসিংহ জোনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ডাকঘরটি পরিদর্শন করলেও এখনো সমস্যার সমাধান হয়নি। ৩১ জানুয়ারি ভবনটি দেখতে গেলে এখানে কাজে আসা ধরমপাশা ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুবিনা আক্তার বলেন, আধুনিক এ বিজ্ঞানের যুগে দ্রুত যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম আবিষ্কার হলেও গ্রামাঞ্চলে এখনো ডাকঘরের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ডাকঘরটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। উপজেলা পোস্টমাস্টার মনোরঞ্জন দে জানান, ডাকঘরটির যাবতীয় সমস্যা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও এখনো সুফল পাওয়া যাচ্ছে না। লোকবলের সংকটে দাপ্তরিক কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।ময়মনসিংহ জোনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) এস এম তারিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাকঘরটির যাবতীয় সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে এর উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন।