ধরমপাশায় অবাধে পোনা শিকার
প্রশাসনের নজরদারি ও জনসচেতনতার অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাওরগুলোতে ১৫ দিন ধরে অবৈধ মশারি জাল দিয়ে অবাধে মাছের পোনা ধরছেন স্থানীয় জেলেরা। ফলে মাছের বংশ ধ্বংস হওয়ার পাশাপাশি এর বিলুপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে।এ উপজেলার বাদশাগঞ্জ, গাছতলা, মধ্যনগর, জয়শ্রী ও ধরমপাশার সদর বাজারে দেখা গেছে, জেলেরা রুই, বোয়াল, কাতলা, মৃগেল, পাবদাসহ বিভিন্ন প্রজাতির ছোট ছোট আকারের পোনা মাছের পসরা সাজিয়ে তা ক্রেতাদের কাছে বিক্রি করছেন। বাজার ও হাওরগুলোতে কোনো তদারকির ব্যবস্থা নেই। ফলে জেলেরা পোনা মাছ বিক্রি করলেও সংশ্লিষ্ট প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।সমাজসেবক খায়রুল বশর ঠাকুর খান বলেন, মশারি জাল দিয়ে মাছ শিকার করায় মাছের উৎপাদন কমে যাচ্ছে। মাছ রক্ষায় আগামী তিন থেকে চার মাস যাতে হাওরগুলোতে পোনা মাছ না ধরা হয় সে জন্য ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাতে হবে এবং এ সময়টাতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। হাওরগুলোতে পোনা মাছ নিধন হচ্ছে বিষয়টি শুনেছি। পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ২২ মে থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। এ ছাড়া মৎস্যসম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।