ধরমপাশায় একটি সেতুর জন্য নয় হাজার মানুষের দুর্ভোগ
‘বাঁশের পুলডার উপুর দিয়া যাইতে-আইতে গিয়া বুকটা দরফড় কইরা কাঁইপ্যা উডে। কহন জানি পুলডার নিচে পইড়া জানডা বাইরইয়া যায়! এইডার লাইগ্যা ডরাইয়া সপ্তায় এক দিন বাজারে যাই। কহন যে এইডার উপুর একটা বিরিজ অইব, তা উপর-ওয়ালাই জানেন।’ বিষণ্ন মুখ ও এক বুক দীর্ঘশ্বাস ফেলে কাঁপতে কাঁপতে সাঁকোর ওপর দিয়ে হেঁটে আসা ভাটাপাড়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আবদুল করিম কথাগুলো বলেন।সুনামগঞ্জের ধরমপাশা সেলবরষ ইউনিয়নের মহিষখলা-বাদশাগঞ্জ বাজার সড়কে উত্তরবীর গ্রামসংলগ্ন মনাই নদীর ওপর সেতু না থাকায় এখানকার ভাটাপাড়া, পালপাড়া, উত্তরবীর ও রংপুর গ্রামের প্রায় নয় হাজার মানুষকে বহু বছর ধরে সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বড়দের পাশাপাশি কোমলমতি খুদে শিক্ষার্থীরাও এর ওপর দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে।এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে নেতারা এখানে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়ে থাকেন। নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর ক্ষমতায় গিয়ে নেতারা তা আর মনে রাখেন না। এ কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাঁচটি গ্রামের শতাধিক শিক্ষার্থী বাঁশের চাটাই বিছানো সাঁকোর ওপর দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে। শুষ্ক মৌসুমে বাঁশের চাটাই বিছানো সাঁকোর ওপর দিয়ে জনগণ চলাচল করলেও বর্ষায় এ চিত্র ভিন্ন। খেয়া নৌকাই তখন একমাত্র ভরসা। এ সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এক পার থেকে অন্য পারে পারাপার হতে হয়। আকাশে মেঘের গর্জন ও ঝড়ো হাওয়া বইলে অনেক সময় খেয়া নৌকাও পাওয়া যায় না। বাধ্য হয়ে অসহ্য কষ্ট করতে হয় লোকজনকে। নৌকার অপেক্ষায় থাকতে থাকতে সময় পেরিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা প্রায়ই স্কুলে যেতে পারে না। এখানে একটি সেতু নির্মাণ হবে, এটি এলাকাবাসীর বহুদিনের দাবি।বাদশাগঞ্জ কিন্ডার গার্টেনের শিশুশিক্ষার্থী সৌরভ, জিদান, মিনু, অঙ্কন, তুষারসহ অনেকেই জানায় সাঁকো থেকে পড়ে যাওয়ার ভয়ে তারা একজনের হাত ধরে আরেকজন সংঘবদ্ধভাবে পারাপার হয়। এতে তাদের খুব ভয় হয়।উত্তরবীর গ্রামের গৃহিনী রোকেয়া আক্তার (৩০) বলেন, ‘পুল থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় প্রায় প্রতিদিন আমার সন্তানকে স্কুলে নিয়ে আসি। ছুটি হলে তাকে সঙ্গে নিয়ে আবার বাড়ি ফিরি। এতে সাংসারিক কাজকর্ম বিঘ্নিত হয়।’পালপাড়া গ্রামের বাসিন্দা সাফল্য পাল (৩০) বলেন, ‘মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে তা দিয়ে সংসার চালাই। বোঝা কানধে নিয়া পুল পার অইতে খুব কষ্ট হয়।’ শিগগির এ সমস্যার সমাধানের জন্য দাবি জানান তিনি।বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খানম, সোমা আক্তার ও মনি বেগম জানায়, সাঁতার না জানার কারণে নৌকাডুবির ভয়ে বর্ষার অধিকাংশ দিনই তাদের বিদ্যালয়ে যাওয়া হয় না। এতে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন বলেন, স্বাধীনতার ৪০ বছরে দেশে বেশ কয়েকবার সরকারের পট পরিবর্তন ঘটেছে। অন্য এলাকার উন্নয়ন হলেও এ সেতুটি নির্মাণের ব্যাপারে কারও কোনো সুনজর পড়েনি। তিনি অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ বলেন, ‘সেতু নির্মাণ না করায় শুধু পাঁচটি গ্রামের লোকজনই নয়, ভাটি এলাকার আরও ৮-১০টি গ্রামের লোকজন চরম কষ্ট ও দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সেতুর নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার কথা বলেছি।’উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখানে একটি সেতু নির্মাণের জন্য প্রাথমিক তথ্যাদির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা এ ব্যাপারে প্রথমআলোকে বলেন, ‘সেতু না থাকার জন্য লোকজন দুর্ভোগ পোহাচ্ছে, এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেব।’