ধরমপাশায় ধর্ষণের চেষ্টার অভিযোগে বিএনপির নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের বাসিন্দা সোলায়মান মাস্টারের ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ওরফে কামালের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ৫ আগস্ট রাতে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে।মামলার বিবরণ ও থানার পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকেলে ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে উকিলপাড়া রোডে এলে মেয়েটির সঙ্গে কামালের দেখা হয়। কামাল মেয়েটির নাম জিজ্ঞেস করে এবং তার মা এখন কী করে তা জানতে চায়। পরে এক মহিলা মেয়েটিকে ডাকছে বলে কামাল জানালে মেয়েটি তাঁর কথামতো উকিলপাড়া রোডসংলগ্ন জনৈকা সাফিয়ার ঘরের দরজায় যাওয়া মাত্রই কামাল ওই মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটির মুখে বাঁধা স্কার্ফ খুলে গেলে বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার শুরু করলে লোকজন আসছে মনে করে কামাল পালিয়ে যায়। মেয়েটির মা জানান, ‘আমার মেয়ের মানসম্মান যে নষ্ট করেছে, আমি তার উচিত বিচার চাই।’ অভিযুক্ত সাইফুল ইসলাম চৌধুরী ওরফে কামাল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।’ মামলার তদন্তকারী কর্মকর্তা ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে।