ধরমপাশায় ফসলহারাদেও কাছে ঈদ যেন দুঃস্বপ্ন!
হাওরের অকালবন্যা ও পাহাড়ি ঢলে একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ফসলহারা কৃষকদের চোখেমুখে এখন যেন শোকের ছায়া। ঈদ সামনে রেখে এ দুঃখ যেন আরও ঘনীভূত হচ্ছে। ফসলহানির এ বিপর্যয়ের পরও এখন পর্যন্ত কোনো সহায়তা কৃষকদের মাঝে এসে পৌঁছায়নি। ঈদের আনন্দ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেয়ে কোনোরকমে বেঁচে থাকার লড়াইয়ে যেন সবাই ব্যস্ত। পাশাপাশি মহাজনদের পাওনা পরিশোধ করতে না পেরে এবং জীবিকার সন্ধানে পরিবার-পরিজনদের নিয়ে ইতিমধ্যে কয়েক শ পরিবার অন্যত্র পাড়ি জমিয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বোরো মৌসুমে এ উপজেলার ৭৮টি হাওরে ৩০ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কিন্তু অকালবন্যা ও পাহাড়ি ঢলে এখানকার ৭৪টি হাওরের ২৩ হাজার ৩৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ ২১৩ কোটি টাকা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ আট হাজার মেট্রিক টন ধান। ফসল তলিয়ে যাওয়ায় এবং আধপাকা ধান কাটায় উৎপাদিত হয়েছে মাত্র ২৭ হাজার মেট্রিক টন। ৩২ হাজার কৃষকের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩০ হাজার ৭০০।খোঁজ নিয়ে জানা যায়, গবাদিপশুর খাবার সংগ্রহ করতে না পেরে এখানকার লোকজন সস্তা দামে সেগুলো বিক্রি করে দিচ্ছেন। মাইজবাড়ী গ্রামের পারুল বেগম (৪৮) বলেন, ‘আল্লায় এই বছর ফসল পানিতে তলাইয়া নিয়া আমরার উফর গজব দিছে। কয়দিন পরেই ঈদ। এইবার পোলাপানের লাইগ্যা নতুন জামা কিনা অইবো তো দূরের কথা, ঈদের দিন কী কইর্যা ভালা কিছু খাওন দিমু, এই নিয়া ছিন্তায় আছি।’বীর দক্ষিণ গ্রামের ফসলহারা কৃষক দরবেশ আলী বলেন, ‘ফসল ডুবনের পরে কোনো নেতা আমরার খবর নিছইন না। নির্বাচনের আগে যাঁরা ভোট নেওনের লাইগ্যা ফকিরের মতো আমরার কাছে ভোট ভিক্ষা মাগছইন, তাঁরা এই বিপদের দিনে গেলাইন কই?’বানারসীপুর গ্রামের দিনমজুর আবদুল হালিম (৪৫) বলেন, ‘পানিত ধানের খেত তল অইলেও লাডা তুইল্যা (পানির নিচে তলিয়ে পড়া পাকা ধান) তিন থেকে চার মাসের খাওন অইতো। এইবার তাড়াতাড়ি পানি আইয়া আধা ফাকনা ধান তল অইয়া পড়ছে। এক কাডা ধানও ঘরে নাই। অহন খাইয়া না-খাইয়া দিন চলতাছে। কয়দিন ফরেই ঈদ অইবো এইডা মনে করতাম ছাইনা।’সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন শাহ ও ধরমপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. লিয়াকত আলী বলেন, ফসলহারা হাওর এলাকার মানুষদের অভাব-অনটন দিন দিন প্রকট আকার ধারণ করছে। জীবিকা নির্বাহের জন্য তেমন কোনো কর্মসংস্থান নেই। তাই অবিলম্বে সরকারি ও বেসরকারিভাবে সহায়তা প্রদানের জন্য তাঁরা যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবি জানান।সমাজসেবক খায়রুল বশর বলেন, অকালবন্যায় এখানকার কৃষকদের কষ্টার্জিত বোরো ফসলের বেশির ভাগই তলিয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলোর অস্তিত্ব হুমকির মুখে। তিনি কৃষকদের বকেয়া কৃষিঋণ মওকুফ, কয়েক মাসের জন্য এনজিওগুলোর ঋণ আদায় কার্যক্রম স্থগিত, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, গোখাদ্য সরবরাহ এবং দ্রুত খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, নদী খনন, সময়মতো হাওরের বাঁধ রক্ষার কাজ, ভিজিএফ ও ভিজিডির সংখ্যা বৃদ্ধি এবং মৌসুমভিত্তিক সার ও বীজ বিনা মূল্যে কৃষকদের মধ্যে সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, ফসল হারিয়ে এখানকার লোকজন কষ্টে দিন যাপন করছেন। এখন পর্যন্ত কোনো খাদ্য-সহায়তা পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।