ধরমপাশায় বজ্রপাতে মসজিদের ইমামসহ ১০ মুসল্লির মৃত্যু
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি অস্থায়ী মসজিদে তারাবির নামাজের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ইমামসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম রাত সাড়ে ১১টায় এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, সরস্বতীপুর গ্রামে একটি জামে মসজিদ রয়েছে। কিন্তু গ্রামটি অনেক বড় হওয়ায় গ্রামের একাংশের লোকজন তারাবির নামাজ আদায় করার জন্য আরেকটি অস্থায়ী মসজিদ তৈরি করেন। মসজিদ ঘরটি টিনশেডের ছিল। সেখানে গতকাল শুক্রবার রাতে ৩৫ থেকে ৪০ জন মুসল্লি তারাবির নামাজ আদায় করছিলেন। ইউপি সদস্য জানান, রাত সাড়ে আটটার দিকে এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই তাঁরা প্রচণ্ড বজ্রপাতের শব্দ শুনতে পান। এরপর লোকজনের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন মসজিদের ভেতরে আহত মুসল্লিরা আর্তনাদ করছেন। পরে তাঁদের উদ্ধার করে তিনটি নৌকায় করে ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা খুব খারাপ।বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন: মসজিদের ইমাম হাফেজ শাহাব উদ্দিন (৫০), নুরুল ইসলাম (৪৫), রিপন মিয়া (২৫), তাহেদ মিয়া (৬০), মানিক মিয়া (৫০), হযরত আলী (২০), নজরুল ইসলাম (৫২), গফুর মিয়া (৬০), মজম্মিল আলী (২০) ও নুর ইসলাম (২৫)। ধরমপাশা থানার ওসি বায়েস আলম জানান, উপজেলা সদর থেকে ঘটনাস্থলে যেতে তিন-চার ঘণ্টা লাগে। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। তিনি আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার ব্যবস্থা করছেন।