ধরমপাশায় সরকারি স্কুল ও কলেজ নেই
সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলায় কোনো সরকারি স্কুল-কলেজ নেই। ফলে এ উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৯৮টি সরকারি প্রাথমিক, ৭২টি রেজিস্টার্ড প্রাথমিক, ১৫টি কমিউনিটি প্রাথমিক, তিনটি কিন্ডারগার্টেন, চারটি দাখিল মাদ্রাসা, চারটি নিম্ন মাধ্যমিক, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি বেসরকারি কলেজ রয়েছে। কিন্তু উপজেলায় কোনো সরকারি কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় নেই। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশেরই ভবন, ছাত্রাবাস, নলকূপ, বেঞ্চ, খেলাধুলার মাঠ, শহীদ মিনার, ছাত্রাবাস, শিক্ষক, শিক্ষার উপকরণসহ নানাবিধ সমস্যা রয়েছে। ফলে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানসম্মত পড়াশোনা হয় না। তার পরও ইচ্ছার বিরুদ্ধে অনেক অভিভাবক এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়াতে বাধ্য হচ্ছেন।মাইজবাড়ী গ্রামের বাসিন্দা শামছুল হুদা বলেন, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে এখানকার লোকজন নানা দিক দিয়ে অবহেলিত। এ উপজেলায় কোনো সরকারি স্কুল-কলেজ না থাকায় ছেলেমেয়েদের কোনো সরকারি স্কুল কিংবা কলেজে পড়াশোনা করাতে গিয়ে বর্তমানে হাওর এলাকার অনেক অভিভাবকই আজ নিঃস্ব হয়ে পড়েছেন।সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ বলেন, এ উপজেলায় শিক্ষার হার খুব একটা ভালো নয়। দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থীই মেধাবিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ বিষয়গুলোকে সরকারের গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। তিনি এ উপজেলায় অন্তত একটি স্কুল ও একটি কলেজ সরকারীকরণের জন্য দাবি জানান।নাম প্রকাশ না করার শর্তে একজন মুক্তিযোদ্ধা বলেন, বর্তমানে এখানকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা হয় না। এ ছাড়া বেতন, পরীক্ষার ফি, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। কিন্তু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনাসহ সবকিছুই নিয়মমাফিক চলে। ফলে শিক্ষার্থীরাও সহজেই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে।বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামছুদ্দিন আহমেদ বলেন, উপজেলায় সরকারি স্কুল-কলেজ না থাকায় এখানকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা নিতে পারছে না। ফলে উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকা প্রায়ই অসম্ভব হয়ে পড়ছে। সরকারি কিংবা বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও তারা এ পরিস্থিতির শিকার হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, এ উপজেলায় কোনো সরকারি স্কুল-কলেজ নেই। তবে বছর দেড়েক আগে ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়টি মডেল স্কুল হিসেবে সরকারি প্রকল্পের আওতাধীন তালিকাভুক্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এর কার্যক্রম আর এগোয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে বলেন, ‘এ উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়টি সরকারের সুদৃষ্টিতে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’