ধরা পড়লেও বাংলাদেশি, উড়াল দিলেও বাংলাদেশি
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি সেজে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা সম্প্রতি খুব বেড়ে গেছে। চলতি বছরের পাঁচ মাসে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্টসহ ৭৭ জন রোহিঙ্গা ধরা পড়েছেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপি) সদস্যরা তাঁদের আটক করলেও আইনের ফাঁক গলে তাঁরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। পরে আবার বাংলাদেশি নাগরিক বনে একই চেষ্টা চালাচ্ছেন। এ কারণে সমস্যার কোনো সমাধান হচ্ছে না, বরং তা ক্রমে জটিল হয়ে উঠছে।এএপি সূত্রে জানা যায়, ২০১২ সালে বিদেশ গমনে উদ্যত ৫০ জনের বেশি রোহিঙ্গাকে বিমানবন্দরে আটক করে তারা। এ বছর চলতি মাসেই এ ধরনের ৪২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গাকে বিদেশ যাওয়ার চেষ্টায় সহযোগিতা করে একশ্রেণীর দালাল।রোহিঙ্গারা ধরা পড়ার সময় বেশির ভাগ ক্ষেত্রে দালাল পালিয়ে যায়। পরে তারা রোহিঙ্গাদের মুক্ত করার চেষ্টা চালায়। তাদের সহযোগিতায় আটক রোহিঙ্গারা আইনের ফাঁকফোকর গলে অল্পদিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে বের হয়ে আবার বাংলাদেশি বনে যান। ঢাকার পাসপোর্ট অফিস, আদালতপাড়া, কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে রয়েছে এই দালালদের তত্পরতা।