ধরা পড়ে এ কী কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ দেখেই সঙ্গে থাকা নিষিদ্ধ ইয়াবা বড়ির একটি প্যাকেট মুখে দিয়ে গিলে ফেলেন। এ সময় এক পুলিশ সদস্য তাঁর মুখে হাত দিয়ে বড়ি বের করার চেষ্টা করেন। লোকটি তখন ওই পুলিশ সদস্যের হাতে কামড় বসিয়ে দিয়ে পালান। কিছু দূর গিয়ে অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। আজ শনিবার বিকেলে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় একজন ইয়াবা বড়ি বিক্রেতাকে হাতেনাতে ধরতে গিয়ে এমনই পরিস্থিতির মুখে পড়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় আটক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মো. চান মিয়া (২৬)। সিলেট নগরের শাহজালাল উপশহরের একটি কলোনির বাসিন্দা তিনি। তাঁর কামড়ে ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরের বাঁ-হাতে জখম হয়েছে। তিনিও হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল মনোয়ার প্রথম আলো ডটকমকে জানান, চান মিয়া ৭০টি ইয়াবা বড়ি নিয়ে মিতালী ম্যানশনে আছেন, এমন খবর পেয়ে ডিবি অভিযান চালায়। তাঁকে ধরার পরে তাঁর কাছ থেকে ২০টি বড়ি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ৫০টি বড়ি চান মিয়া একসঙ্গে গিলে ফেলার চেষ্টা করেছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে চিকিত্সকেরা তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।