রাজধানীর হাতিরপুল থেকে তরুণী হত্যার অভিযোগে গ্রেপ্তার সাইদুজ্জামান ওরফে বাচ্চু স্বীকার করেছেন, লোকজনের কাছে ধরা পড়া থেকে বাঁচতে ওই তরুণীকে হত্যা করেছেন তিনি।আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে সাইদুজ্জামানকে হাজির করা হয়। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।গতকাল শনিবার হাতিরপুলের পরীবাগ এলাকার নাহার প্লাজার ১৩ তলার একটি ট্রাভেল এজেন্সি, পাশের ভবনের ছাদ ও রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা এক তরুণীর ২৬ টুকরা হাড় আর মাংসপিণ্ড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নাহার প্লাজায় অবস্থিত সোনালি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক সাইদুজ্জামান ওরফে বাচ্চুকে আটক করে করা হয়।হত্যার বর্ণনা দিতে গিয়ে সাইদুজ্জামান দাবি করেন, প্রায় দুই বছর আগে তাঁর সঙ্গে রুমির (গতকাল তরুণীর নাম সুস্মিতা ও পপি বলে জানিয়েছিলেন সাইদুজ্জামান) মুঠোফোনে পরিচয় হয়। এর সূত্র ধরে এক বছর আগে তাঁদের প্রথম দেখা হয়। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মিরপুর-১০ নম্বর থেকে রুমিকে হাতিরপুলে নাহার প্লাজার সোনালি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে নিয়ে আসেন।সাইদুজ্জামান আরও দাবি করেন, কার্যালয়ে আসার সময় স্থানীয় কিছু লোক তাঁদের পিছু নেয়। একপর্যায়ে তাঁরা দরজায় ধাক্কা দিয়ে ওই তরুণীকে নিয়ে বেরিয়ে আসতে বলেন এবং বিয়ে করিয়ে দেওয়ার হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে তিনি রুমিকে গলা টিপে হত্যা করেন। পরে লাশ বাথরুমে নিয়ে ছুরি দিয়ে টুকরো টুকরো করেন। কিছু টুকরো জানালা দিয়ে বাইরে ছুড়ে এবং কিছু টুকরো বাথরুমে কমোডে ফ্ল্যাশ করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন।পুলিশ জানায়, রুমির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় আর সাইদুজ্জামানের বাড়ি ফরিদপুরের মধুখালীতে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, রুমির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর বাবা নেই। দরিদ্র পরিবারে মেয়ে রুমি ১০-১২ দিন আগে মিরপুরে খালার বাসায় আসেন। রুমি গ্রামের চেয়ারম্যানের কাছ থেকে সনদ নিয়ে ঢাকায় কোনো চাকরির জন্য এসেছিলেন নাকি সাইদুজ্জামান তাঁকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ কার্যালয়ে নিয়ে এসেছিলেন, তা রিমান্ডে নিলে জানা যাবে।এদিকে শাহবাগ থানা পুলিশ সাইদুজ্জামানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম রেজাউল করিম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।