ধরা পড়েনি আর কোনো আসামি, প্রতিবাদমুখর শরীয়তপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও নির্যাতনের পর দোররার আঘাতে নিহত কিশোরী হেনার মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের আর কেউ আজ শনিবারও গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজও শরীয়তপুরের মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। হেনার পরিবারকে সান্ত্বনা দিতে দুপুরে তার বাড়িতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ কর্নেল (অব.) শওকত আলী।মামলার তদন্তকারী কর্মকর্তা নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, এ হত্যা মামলায় আটক শিল্পী বেগমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য গতকাল রাতে ১১টি স্থানে অভিযান চালানো হয়। তবে মামলার মূল আসামি ধর্ষক মাহবুব ও অন্যদের গ্রেপ্তার করা যায়নি।আজ সকাল ১০টার দিকে নড়িয়া উপজেলার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বেসরকারি সংগঠন নুসা। তাদের সঙ্গে এ কর্মসূচিতে যোগ দেন নড়িয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, নড়িয়া বণিক সমিতি। মানববন্ধন শেষে তারা নড়িয়া বাজারে ধর্ষণকারী ও ফতোয়াবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা শহীদ মিনারে সমাবেশ করে।নিহত হেনার বিদ্যালয় পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও তার সহপাঠীরা বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে ত্রিপল্লী, ভড্ডা, চামটা ও পঞ্চপল্লী গ্রামের শত শত সাধারণ মানুষ যোগ দেয়। তারা ধর্ষক মাহাবুবের ফাঁসি এবং দোররার রায় ঘোষণা ও বাস্তবায়নকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করে।দুপুরে ডেপুটি স্পিকার শওকত আলী হেনার বাড়িতে যান। তিনি বলেন, হেনার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তিনি হেনার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।