শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ধর্ম সম্পর্কে কোনো কথাই বলা হয়নি, হচ্ছে না, হওয়ার কোনো কারণও নেই। কিন্তু এই গণজাগরণের সঙ্গে ধর্মকে জড়িয়ে সেই চিহ্নিত গোষ্ঠী অপপ্রচারে নেমেছে। তারা এর মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তরুণ সমাজ এই স্বার্থান্বেষীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।গতকাল মঙ্গলবার রাতে গণজাগরণ মঞ্চ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। গণজাগরণ মঞ্চের পক্ষে বিবৃতিটি পাঠিয়েছেন ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এই আন্দোলন বানচাল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ১৫ দিন ধরে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে লাখ লাখ মানুষ একাত্তরের মানবতাবিরোধী দল ও অপরাধীদের বিচারের সুনির্দিষ্ট দাবিতে দিনরাত ২৪ ঘণ্টা স্লোগান দিচ্ছেন। গলা ফাটিয়ে সুতীব্র চিৎকারে প্রকাশ করছেন ৪২ বছরের পুঞ্জীভূত ক্ষোভ। কেবল একাত্তরের গণহত্যাকারী, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা ছাড়া দেশের সর্বস্তরের মানুষ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ।আন্দোলনকারীরা বিবৃতিতে বলেন, ‘এই গণজাগরণ মঞ্চ কোনো গোপন সমাবেশ নয়। এখানে কী হয়, তা দেশের সব মানুষ সর্বক্ষণ দেখেছেন। দিনরাত ২৪ ঘণ্টা এখানকার কার্যক্রম সম্প্রচার করছে দেশের সব টেলিভিশন চ্যানেল। সংবাদ প্রচার করছে দেশের সব জাতীয় সংবাদপত্র। দায়িত্বশীল সব গণমাধ্যম সঠিকভাবে সংবাদ প্রকাশ করলেও মানবতাবিরোধী অপরাধী, যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের অর্থপুষ্ট কিছু সংবাদমাধ্যম শুরু থেকে জনগণের এই জাগরণ নিয়ে আপত্তিকর, মিথ্যা, বানোয়াট, উদ্ভট কল্পকাহিনি প্রচার ও প্রকাশ করছে। রাজাকার ও শয়তানের দোসরদের এসব অপসংবাদমাধ্যমকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফলে ঘাতক ও গণহত্যাকারীদের দোসররা এই দেশে তাদের সর্বশেষ মরণকামড়টি বসাতে মরিয়া হয়ে উঠেছে। এর জন্য তারা দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করার পুরোনো কৌশল নিয়েছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে। “শাহবাগে ইসলাম বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠুন” শিরোনামে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোরও চেষ্টা হচ্ছে। এ কাজটি একাত্তরেও করা হয়েছিল।’আন্দোলনকারীরা তাঁদের বিবৃতিতে বলেছেন, ‘দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা সজাগ থাকুন। ধর্মের নামে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের আলেম সমাজের কাছে আমাদের অনুরোধ, শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। গণজাগরণ মঞ্চে কেবল ইসলাম ধর্মই নয়, অন্য কোনো ধর্ম কিংবা মতের বিরুদ্ধে বিদ্বেষ কিংবা ঘৃণা উচ্চারণ করা হয়নি, হচ্ছে না, হওয়ার কোনো কারণও নেই। এই মঞ্চে যাবতীয় উচ্চারণ যুদ্ধাপরাধী, রাজাকার ও তাদের দোসরদের অপকর্মের বিরুদ্ধে।’বিবৃতিতে বলা হয়, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, তাদের আর্থিক প্রতিষ্ঠান বয়কট করার দাবির বাইরে গণজাগরণ মঞ্চের অন্য কোনো দাবি নেই। কাজেই গণমাধ্যমের কাছে অনুরোধ, এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন না।’বিবৃতির শেষে বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলছি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের মাটিতে, বাংলা মায়ের পবিত্র দেহে ধর্মান্ধ, মৌলবাদী, দেশবিরোধীদের একটি আঘাতও পড়তে দেব না। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জয় বাংলা।’