ধর্ম নিয়ে খেলার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে খেলার অধিকার কারও নেই। তাঁর সরকার কোনো অশুভ শক্তিকে জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে দেবে না। যুদ্ধাপরাধীদের রক্ষায় এ ধরনের খেলা জনগণ মেনে নেবে না।গতকাল শনিবার রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরে যারা মা-বোনের ইজ্জত লুটেছে, নিরপরাধ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, দেশের স্বাধীনতা চায়নি, সেসব যুদ্ধাপরাধীর বিচার হবেই। জ্বালাও-পোড়াও আর সন্ত্রাস সৃষ্টি করে কেউ বিচার বন্ধ করতে পারবে না।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য অথবা কোনো পত্রিকা বা গণমাধ্যমে এ ধরনের প্রচারণা ও প্রকাশনা চালানো সহ্য করবে না। যাঁরা এ ধরনের মন্তব্য করেন এবং যাঁরা পত্রিকায় এ ধরনের মন্তব্য প্রকাশ করেন, তাঁরা সমান অপরাধ করেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সব ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে।শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। শান্তিচুক্তি স্বাক্ষরের পরপরই আমরা চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া বন্ধ করে দেয়।’ প্রধানমন্ত্রী পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। ২০০৮ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করায় পার্বত্য এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।এর আগে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে বান্দরবানের কেওক্রাডং ও রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। তিনি স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলেন। পরে রাঙামাটি সার্কিট হাউসে বোতাম টিপে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ভাস্কর্য, বরকল থানা ভবন, পর্যটন মোটেল উদ্বোধন এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, আসামবস্তি-ব্রাহ্মণটিলা সংযোগ সেতু, কাচালং নদীর ওপর মাইনিমুখ গাঁথাছাড়া সংযোগ সেতু এবং পুরাতনবস্তি ও ঝুলুক্যা পাহাড়ের সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।