ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধান দিয়ে গিয়েছিলেন। সেই সংবিধানে তিনি সব ধর্ম পালনের সমান অধিকার দিয়ে গিয়েছিলেন। যদিও মাঝখানে একটু গোলমাল হয়েছিল। কিন্তু এবার আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংবিধান সংশোধন করে সব ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত করেছি।’আজ শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি করেছি। গ্যাস উত্পাদনও বৃদ্ধি করেছি। তবে চাহিদা প্রতি বছর বেড়ে যাচ্ছে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্যাসকূপ খনন করছি। তা ছাড়া ঢাকা শহরকে যানজট মুক্ত করতে ইতোমধ্যে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভার নির্মাণ করে এই শহরকে যানজটমুক্ত করার চেষ্টা করছি।’