ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে সব ধর্মবিশ্বাসের মানুষের সঙ্গে কাজ করতে চায় বর্তমান সরকার। সরকারের নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। এ জন্য সব ধর্মের মানুষ যাতে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করেছে তাঁর সরকার।শুভ বড়দিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ খ্রিষ্টান পরিষদের একটি প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।বাংলাদেশের জনগণকে উদারপন্থী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন সব ধর্মের লোকজন নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার পাবে।শেখ হাসিনা বলেন, শান্তির ধর্ম ইসলামে এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক মদিনা সনদেও বিভিন্ন ধর্মের লোকজনকে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে।প্রতিনিধিদলের নেতাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকারের কাছে আপনাদের দাবি তোলার প্রয়োজন নেই। বিপুল অর্থ জমাতে আমরা ক্ষমতায় আসিনি। আমরা ক্ষমতায় এসেছি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে।’শেখ হাসিনা জানান, তাঁর সরকার গত বছর খ্রিষ্টান ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে এবং এ বছর ট্রাস্টের তহবিল এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।প্রধানমন্ত্রী জানান, বড়দিনের প্রাক্কালে খ্রিষ্টান সম্প্রদায়ের দরিদ্রদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র সরবরাহ করা হবে। এ ছাড়া খ্রিষ্টান সম্প্রদায় থেকে একজন রাষ্ট্রদূত নিয়োগ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী ও খ্রিষ্টান পরিষদের সভাপতি প্রমোদ মানকিন, সাধারণ সম্পাদক নির্মল রোজারিও ও আর্চবিশপ পলিনোস কস্তা আলোচনায় যোগ দেন। পরে প্রধানমন্ত্রী ক্রিসমাস কেক কেটে বড়দিনের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। গতকাল বিকেলে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনকালে তিনি আরও বলেন, তাঁর সরকার ইতিমধ্যে সর্বস্তরের মানুষের মতামত নিয়ে একটি আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কলেজের প্রিন্সিপাল কর্নেল মো. কামরুজ্জামান, স্কুলের সাবেক ছাত্র নসরুল হামিদ বিপু, এ কে এম জামান প্রমুখ।প্রধানমন্ত্রী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘আমার ছোট ভাই শহীদ শেখ জামাল এই স্কুলের ছাত্র ছিল। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সে আজ আমাদের মাঝে নেই। যদি বেঁচে থাকত, সে হয়তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা আমার পরিবারের অন্যান্যের সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করেছে।’তিনি বড় বোন হিসেবে শেখ জামালের নামে কলেজের পাঁচজন মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদানের কথা ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রী রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মনোরম মার্চ পাস্ট পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শেখ জামালের এসএসসির সনদ গ্রহণপ্রধানমন্ত্রী রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামানের কাছ থেকে তাঁর ছোট ভাই শহীদ শেখ জামালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সনদ গ্রহণ করেছেন। কলেজ কর্তৃপক্ষ গতকাল প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে শেখ হাসিনার কাছে সনদপত্রটি হস্তান্তর করে। এর আগে প্রধানমন্ত্রী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সনদের জন্য আবেদন করেন।