ধর্ম প্রতিমন্ত্রীর বাড়ি থেকে হিজবুত তওহীদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের থানাপাড়া সড়ক এলাকায় বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার বাড়ির বৈঠকখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন তালুকদার (২৬) ও হান্নান মৃধা (২৫)। তাঁদের বাড়ি পটুয়াখালী শহরের কলাতলা ও বল্লভপুর গ্রামে।পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে জসীম ও হান্নান প্রতিমন্ত্রীর বাড়ির বৈঠকখানায় মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। পুলিশ তাঁদের আটক করে তল্লাশি চালায়। এ সময় হিজবুত তওহীদের নামে প্রচারপত্র, সিডি ও জিহাদি বই উদ্ধার করে।আটক হওয়া জসীম বলেন, ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত করার জন্য প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে সংগঠনের প্রচারপত্র, বই ও সিডি নিয়ে তাঁরা সেখানে যান।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া জসীম উদ্দিন তালুকদার ও হান্নান মৃধা দুজনই হিজবুত তওহীদের সদস্য। এর আগেও এই দুজন একাধিকবার প্রচারপত্র, সিডি ও জিহাদি বইসহ গ্রেপ্তার হন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।