ধর্ম ব্যবসায়ীরা এবারও পরাজিত হবে: ফারুক খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, মুক্তিযুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা এ দেশের মানুষের কাছে পরাজিত হয়েছিল। এবারও জনগণ জেগেছে, তাই ধর্ম ব্যবসায়ীদের পরাজয় নিশ্চিত। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মিসভায় এসব কথা বলেন পর্যটনমন্ত্রী। ফারুক খান বলেন, ‘এখন ঘরে বসে থাকার সময় নয়। জাতির পিতা ১৯৭১ সালের ৭ মার্চ দেশকে শত্রুমুক্ত করার জন্য পাড়ায়-মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। এখন আমাদের তা-ই করতে হবে। স্বাধীনতাবিরোধীদের সর্বত্র প্রতিরোধ করার কোনো বিকল্প নেই। শাহবাগের গণজাগরণ মঞ্চসহ সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল হবেই।’ পর্যটনমন্ত্রী আরও বলেন, দেশের প্রবৃদ্ধি যখন ঊর্ধ্বমুখী, দেশ যখন বিশ্ব দরবারে সব ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন জামায়াত সুপরিকল্পিতভাবে সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে। তারা বাংলার হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করছে বলেও মন্তব্য করেন তিনি।মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার, আশরাফ আলী প্রমুখ।