ধর্ম ব্যবসায়ীরা বলছে ‘জয়ী হলাম’: সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘আমরা হাহাকার ও অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে সময় পার করছি। এখন মানুষ ভয়ানকভাবে বিপর্যস্ত, নারীরা আক্রান্ত এবং শিশুরা ভবিষ্যতের চিন্তা করতে পারছে না। আর ধর্ম ব্যবসায়ীরা অট্টহাসি হেসে বলে, “আমরা জয়ী হলাম”। কিন্তু মানুষের জীবনে কখনো এটি সত্য হয় না। এর প্রমাণ ভাষা-আন্দোলনে এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে দিয়েছি, বিস্ময়করভাবে এর পরিচয় দিয়েছি একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে।’ আজ শনিবার চিটাগং পুলিশ ইনস্টিটিউশনের (সিপিআই) ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিআইবির চেয়ারপারসন এসব কথা বলেছেন। চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে। সুলতানা কামাল বলেন, ‘আমাদের অবস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতীর্থ কাব্যের পিতার “রাত কতো হলো মেলে না উত্তর”-এর মতো। মানুষে মানুষে অবিশ্বাস, সন্দেহ, হিংসা কাজ করার ফলে সেই উত্তর আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারিনি। মানুষের মন থেকে কোনো সত্ কাজ করার ইচ্ছাটাকে মুছে ফেলা হয়েছে।’সুলতানা কামাল বলেন, ‘পৃথিবীর অনেক স্বাধীন দেশ এত অল্প সময়ে সংবিধান রচনা করতে পারেনি। কিন্তু বাংলাদেশ কয়েক মাসের মধ্যেই পাকিস্তানি হানাদারকে বিতাড়িত করার মধ্য দিয়ে দেশ স্বাধীন করে ৭২-এর ফেব্রুয়ারিতেই সংবিধান অর্জন করেছে। এটি বিরাট পাওয়া। দেশ শাসন করার প্রত্যয় এবং প্রতিজ্ঞা নিয়ে বাহাত্তরের সংবিধানের মূলনীতি অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ-নির্বিশেষে মানবসত্তার মহিমা প্রতিষ্ঠা করতে হবে।’সুলতানা কামাল আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাস ভাষা-আন্দোলনের মাস। সেই কথা মনে রেখেই সকালে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রতিবার আমরা নিজেদের পুনরুজ্জীবিত করি। কিন্তু একুশে ফেব্রুয়ারির মর্মার্থ ছিল আরও গভীরে। সেই বার্তা হলো, প্রতিটি মানুষ যেন তার নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতিতে, নিজস্ব পরিচয়ে, নিজস্ব সত্তায় বাঁচতে পারে, তেমনি একটি দেশ আমরা গড়তে চাই। সে জন্যই আমরা বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম।’ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আখতার হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক নাজমুল হায়দার।সকালে শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। দিনব্যাপী এই আয়োজনে গান পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, নিশিতা বড়ুয়া এবং অন্যান্য শিল্পীরা।