ধর্ম যার যার, উৎসব সবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘সব ধর্মের অধিকার প্রতিষ্ঠা হোক এটাই সংবিধানের নির্দেশ। সবাই যাতে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, সেদিকে আমরা সজাগ। তাই আমরা বলি, ধর্ম যার যার, উৎসব সবার।’আজ রোববার সকালে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গোপাল জিউর মন্দিরে শারদীয় দুর্গোত্সব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের রামু উপজেলায় বিপর্যয় যেটুকু ঘটেছে, তাতে কিছু হয়নি বলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চাই না। এটা দায়িত্ব পালনের ব্যাপার। পারস্পরিক দোষারোপের ব্যাপার নয়।’ তিনি অভিযোগ করে বলেন, রামুর ঘটনায় বাইরের ইন্ধন আছে, ভেতরেরও ইন্ধন আছে।মন্ত্রী আরও বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর সুশাসনের ফলে রাজ্য কীভাবে এগিয়ে যায়, শেখ হাসিনার সরকার তার প্রমাণ। গত তিন বছরে দেশে হতদরিদ্রের সংখ্যা কমেছে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চললেও বাংলাদেশে প্রবৃদ্ধির ঘাটতি হয়নি। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের ঐশ্বর্য বেড়েছে।পরে মন্ত্রী পৌর শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, রূপনারায়ণকুড়া ও মরিচপুরান ইউনিয়নের আট হাজার ৬৭৮ দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল ও ৮০০ জন হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সবুর, ফাতেমা সরকার, পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, আ.লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ দত্ত, সাধারণ সম্পাদক শুধাংশু কালোয়ার উপস্থিত ছিলেন।