ধর্মকে টেনে জাতিকে বিভক্ত করছে একটি গোষ্ঠী: সাজেদা চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ধর্মকে টেনে এনে জাতিকে বিভক্ত করে ক্ষমতা লুটে নিচ্ছে একটি গোষ্ঠী। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। ধর্মকে রাজনীতির সঙ্গে জড়ানো থেকে উদ্ধার করতে তরুণদের এগিয়ে আসতে হবে। তবে লেখাপড়া ছেড়ে তরুণদের অন্য কিছু করা যাবে না।আজ সোমবার বেলা আড়াইটায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী এসব কথা বলেন।সংসদ উপনেতা বলেন, ‘একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করছে। তারা আজান দিয়ে মানুষ মারছে। এটা হতে দেওয়া যায় না।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এদের আর বাড়তে দিও না।’ যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারাধীন ব্যাপারে তেমন কিছু বলা ঠিক নয়। তবে অতিসত্বর এসব অপরাধীর বিচার হওয়া উচিত।’বন্দুকের নলের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে অভিযোগ করে এই সংসদ উপনেতা বলেন, ‘যারা এটা করেছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। এই সংবিধান বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের দলিল হিসেবে দিয়েছিলেন। সেই দলিল তারা বন্দুকের খোঁচায় শেষ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘সব ইতিহাস তো শেষ করে দেওয়া যায় না। মানুষের মনের ইতিহাস শেষ করা যায় না। সংবিধানকে নতুন কোনো ইতিহাসবেত্তার কাছে তুলে দেব না। এই সম্পদকে রক্ষা করতে হবে। এর দায়িত্বও তরুণদের দিলাম।’আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল সরকারের বিরুদ্ধে নয় বরং বিচার বিভাগ ও বিচারপতিদের বিরুদ্ধে। ১৮ দল হরতাল তুলে নেবে, এমন আশাবাদ ব্যক্ত করে এই দপ্তরবিহীনমন্ত্রী বলেন, হরতালের মধ্যে যদি কোনো প্রকার সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটে কিংবা কোনো মানুষ মারা যায়, তার দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচারব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাধীন। যে কারণে কাকে জামিন দেওয়া হবে, আর কাকে দেওয়া হবে না, সেটা একমাত্র আদালতের ব্যাপার। বিচারকদের ব্যাপারে সরকারের কিছু করার নেই।বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।