অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার চার ঘণ্টা পর তা প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা। আজ শনিবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা ধর্মঘট পালন করেন । কুতুবউদ্দিন নামের এক ইন্টার্নি চিকিৎসককে ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসক পরিষদ এ কর্মসূচি ঘোষণা করেছিল। ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি মনিরুজ্জামান জানান, গতকাল শুক্রবার রাতে কুতুবউদ্দিনকে মুক্তা ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে কে বা কারা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে ইন্টার্নি চিকিৎসক পরিষদ আজ দুপুর ১২টার দিকে সভা করে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। পরে কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলে ইন্টার্নি চিকিৎসকেরা বিকেল চারটার দিকে ধর্মঘট প্রত্যহার করে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।