ধর্মঘট বাতিল, কাল গণজাগরণের প্রতীকী লাঠিমিছিল
আগামীকাল মঙ্গলবার প্রতীকী লাঠিমিছিল করবে গণজাগরণ মঞ্চ। বিকেল চারটায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে লাঠিমিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোট হরতাল ডাকায় কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও বুধবার আইন মন্ত্রণালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি বাতিল করেছে মঞ্চ। আজ বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন। গণজাগরণ মঞ্চের ওপর হামলার প্রতিবাদে লাঠিমিছিল করা হবে বলে জানান তিনি। এ ছাড়া বুধবার শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পড়া হবে। ইমরান এইচ সরকার জানান, আগামী বুধবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পড়া হবে। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘বুকপকেটের চিঠিগুলো’। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোট আগামীকাল মঙ্গলবার ও বুধবার হরতালের ডাক দেওয়ায় পূর্বঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও আইন মন্ত্রণালয়ের সামনের গণ-অবস্থান কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এর পরিবর্তে নতুন করে লাঠিমিছিল ও বুক পকেটের চিঠি কর্মসূচি দেওয়া হয়েছে।