চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম বন্দরে আট ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর জোট চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় বন্দরে কোনো কাজ হয়নি। শ্রমিকরা আবার ১২ এপ্রিল ১৬ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে। কর্মবিরতি চলাকালে বন্দরের সংরক্ষিত এলাকায় শ্রমিকেরা সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের (জেটি সরকার) ওপর হামলা করেন। এতে ইকবাল হোসেন, রুমী, আবদুল কাদের, জাকির হোসেন ও আশীষ দেব আহত হন। আরও কয়েকজনকে নাজেহাল করেন শ্রমিকেরা। এ খবর ছড়িয়ে পড়লে জেটি সরকারেরা কাস্টম হাউসের সামনে দফায় দফায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেন। তাঁরা বেলা ১২টার পর থেকে কাস্টম হাউসের কাজকর্ম বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন। এ কারণে শ্রমিকেরা কর্মবিরতি শেষে বিকেল পাঁচটায় কাজে যোগ দিলেও বন্দর পুরোপুরি সচল হয়নি। জেটি সরকারদের ওপর হামলার প্রতিবাদে সিঅ্যান্ডএফ-কর্মীরা বন্দর ও শুল্ক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় দুই ভবনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে কাস্টম হাউস চত্বর থেকে সব লোককে বের করে দেন কাস্টম হাউসের কয়েকজন কর্মী। দুপুরে কাস্টম হাউস চত্বরে সমাবেশ করেন কর্মচারী নেতারা। এ অবস্থায় চট্টগ্রাম কাস্টম হাউসও অচল হয়ে পড়ে। চট্টগ্রাম বন্দর দিয়ে দিনে ৪০ থেকে ৫০ কোটি টাকার রাজস্ব আয় হয় বলে জানা গেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘বন্দর সচল করতে আমরা কাজে যোগ দিতে চেয়েছি। অথচ কঠোর নিরাপত্তার মধ্যে আমাদের চার কর্মীকে লাঠি নিয়ে মারধর করেছেন শ্রমিকেরা। তাঁদের কাছে কোনো পরিচয়পত্রও ছিল না।’ বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় ধাক্কাধাক্কি শুরু হলে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে মারধরের ঘটনা বন্দরের ৩ নম্বর ফটকের বাইরে ঘটেছে। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, জেটি সরকারদের কর্মবিরতির কারণে ১২টার পর থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে কোনো পণ্যের শুল্কায়ন হয়নি। একক প্রতিষ্ঠান হিসেবে দেশের সর্বাধিক রাজস্ব আদায়কারী এই প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ২০০ আমদানি চালান (বিল অব এন্ট্রি) জমা পড়ে। এর মধ্যে ৭০ ভাগের শুল্কায়ন দিনে দিনে শেষ হয়। শুল্কায়ন শেষে এসব চালানের পণ্য বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে খালাস করা হয়। কিন্তু জেটি সরকারদের আকস্মিক কর্মবিরতির কারণে গতকাল বেশির ভাগ চালানের শুল্কায়ন হয়নি। ফলে পণ্য খালাস করা যাচ্ছে না।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জামাল হোসেন বলেন, জেটি সরকাররা কাজ না করলে কোনো পণ্য-চালানের শুল্কায়ন সম্ভব নয়। তবে আজ সোমবার যথারীতি কাজ চলবে। গতকাল বিকেলেও কিছু কাজ হয়েছে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক মশিউর রহমান বেগ বলেন, ‘আজ (রোববার) ডেলিভারির জন্য ৬২০ টিইইউএস (প্রতিটি কন্টেইনারের দৈর্ঘ্য ২০ ফুট হিসাব করে) নির্ধারিত ছিল। কিন্তু জেটি সরকাররা কাজ না করায় এসব কন্টেইনার ডেলিভারি হয়নি।’সাংবাদিকদের বাধা: কর্মবিরতির কর্মসূচি চলাকালে বন্দর জেটি ও ইয়ার্ড এলাকায় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পেশাগত দায়িত্ব পালনে সকালে সাংবাদিকেরা জেটিতে ঢোকার পাস নিতে নিরাপত্তা কার্যালয়ে গেলে তাঁদেরকে বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁর কাছে গেলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলামের কাছে গেলে তিনি বলেন, বন্দর চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ ঢাকায় আছেন। বন্দর জেটিতে ঢুকতে না দেওয়ার তিনি নির্দেশনা দিতে পারেন। নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল ইসলাম বলেন, ‘ভেতরে গ্যাঞ্জাম ছিল। এ কারণে হয়তো বিধিনিষেধ থাকতে পারে।’