ধর্মঘটে ইতি, ক্লাসে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শিকাগোর সরকারি স্কুলের শিক্ষকেরা নিজেদের শুরু করা ধর্মঘটের ইতি টানার পক্ষে ভোট দিয়েছেন। একই সঙ্গে তাঁরা মেয়রের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থান থেকে সরে এসেছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে পনুরায় ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছেন। আজ বুধবার শিক্ষকদের ক্লাসে ফেরার কথা বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।শিকাগোর সরকারি স্কুলগুলোর ২৯ হাজার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন ইউনিয়নের ৮০০ জন প্রতিনিধি গতকাল মঙ্গলবার কণ্ঠভোটের আয়োজন করেন। সেখানে দুই ঘণ্টার বেশি সময় বিতর্কের পর আজ থেকে পুনরায় ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।শিকাগো শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট কারেন লুইস বলেন, ‘শিক্ষকেরা তাঁদের কাজে ফিরে যাচ্ছেন বলে আমি রোমাঞ্চিত।’ ইউনিয়নের সদস্যরা এই সিদ্ধান্তের পক্ষে লিখিত সমর্থন আদায়ে দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ভোট নেবেন।আল জাজিরার খবরে বলা হয়, মেয়র ইমানুয়েলের শিক্ষাসংস্কার প্রস্তাবের বিরুদ্ধে গত সপ্তাহে ফুঁসে ওঠেন শিক্ষকেরা। নতুন প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীদের ফলাফলের ওপর শিক্ষকদের মূল্যায়ন করা হবে।সম্প্রতি বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়ার পর শিক্ষকদের মধ্যে চাকরি হারানোর ভীতি প্রকট হয়ে উঠেছে। প্রশাসনের কাছে তাঁরা নিশ্চয়তা চান, ছাঁটাই করা শিক্ষকদের ওই এলাকার অন্য কোনো কাজে নিয়োগ করা হবে। এ ছাড়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও আছে। শিক্ষকদের ট্রেড ইউনিয়নের নেতৃত্বে প্রায় ২৯ হাজার শিক্ষক গত শুক্রবার ধর্মঘট শুরু করেন।এদিকে ইমানুয়েল শিক্ষকদের এই ধর্মঘট বন্ধ করার নির্দেশ চেয়ে গত সোমবার আদালতের দ্বারস্থ হন। তবে আজ এ বিষয়ে শুনানি হবে কি না, তা পরিষ্কার নয়।