ধর্মঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অচল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।নিজস্ব আয়ে চলতে হবে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এ ধারাটি বাতিলের দাবিতে গত রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে ও জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে। শিক্ষার্থীরা বলেছেন, মামলা ও আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।এরই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা আজ বুধবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরিচয়পত্র যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে করতে দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ এখন সব বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠক করছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীর সব দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারা এখনো কেন আন্দোলন করছে, তা আমাদের বোধগম্য নয়। এখন তারা নতুন নতুন দাবি তুলছে। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও আমরা মনে করছি, এতে বাইরের কারও ইন্ধন রয়েছে। বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে উপাচার্যের বৈঠক শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’